ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ভোটারের সংখ্যা অনুপাতে নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
কমিশনার বলেন, "ভোটারের সংখ্যা অনুপাতে আমরা নির্বাচনী আসনের সীমানা পুননির্ধারণ করবো। এ জন্য কমিশনের কয়েকটি সভা করার প্রয়োজন পড়বে। আমরা শিগগিরই এই সভায় বসছি।"
রোডম্যাপ অনুযায়ী আগামী বছর অক্টোবরের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করার কথা। ছহুল হোসাইন জানান, কমিশন এর আগেই সীমানা পুনঃনির্ধারণের কাজ শেষ করবে।
ভোটারের সংখ্যা অনুপাতে নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণের জন্য কমিশন ২০০১ সালের আদমশুমারির পরিসংখ্যানকে গুরুত্ব দেবে বলেও তিনি জানান।
ছহুল হোসাইন আরো বলেন, "নির্বাচনী সংস্কারমূলক আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা শেষ হওয়ার পর আমরা একটি প্রতিবেদন প্রকাশ করবো।"
এদিকে কমিশনের একটি সূত্র জানায়, নির্বাচনী আইন অনুযায়ী প্রতি ১০ বছর পর পর অনুষ্ঠিত আদমশুমারির ভিত্তিতে নির্বাচনী আসন সীমানা পুনঃনির্ধারণ করার কথা। কিন্তু নিয়মিতভাবে এই কাজ করা হয়নি। সর্বশেষ, ১৯৯৪ সালে নদী ভাঙন প্রবণ অল্প কয়েকটি আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছিলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৫৪৮ঘ.
bdnews24