২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহও কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি

ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দ্বিতীয় দিন মঙ্গলবারও নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের ঢুকতে দেয়নি পুলিশ। বিকেলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহও পুলিশের বাধায় ঢুকতে পারেননি। কার্যালয়ের প্রধান ফটক ভেতর থেকে তালা লাগানো ছিল। সকাল থেকে নয়া পল্টন সড়কে বিএনপির কয়েকশ' নেতা-কর্মী ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন। কিন্তু পুলিশ তাদের কার্যালয়ের সামনে ভিড়তে দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দ্বিতীয় দিন মঙ্গলবারও নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের ঢুকতে দেয়নি পুলিশ। বিকেলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহও পুলিশের বাধায় ঢুকতে পারেননি। কার্যালয়ের প্রধান ফটক ভেতর থেকে তালা লাগানো ছিল। সকাল থেকে নয়া পল্টন সড়কে বিএনপির কয়েকশ' নেতা-কর্মী ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন। কিন্তু পুলিশ তাদের কার্যালয়ের সামনে ভিড়তে দেয়নি। বিকেলে হান্নান শাহ কার্যালয়ে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। নিজের পরিচয় দিলেও পুলিশ তাকে ঢুকতে দেয়নি। পুলিশ কর্মকতা তাকে জানান, অনুমতি ছাড়া কাউকে বিএনপির কার্যালয়ে যেতে দেওয়া হবে না। এ সময় হান্নান শাহ সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে বলেন, "আমি দলের চেয়ারপারসনের উপদেষ্টা। দলের মহাসচিব নই। আমাকে নিয়ে কোনো বির্তক নেই। আমি ১০ জন নিয়ে অফিসে যাব। জরুরি বিধিমালা মেনেই আমি অফিসে যেতে চাই।" তারপরও পুলিশ কর্মকর্তা তাকে কার্যালয়ে ঢুকতে দেননি। হান্নান শাহ প্রায় ১৮ মিনিট দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে গাড়ি নিয়ে চলে যান। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। তারা খালেদা জিয়ার মুক্তি চেয়ে শ্লোগানও দেয়। এর আগে সোমবার দুপুরে বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও কেন্দ্রীয় কার্যালয়ে গেলেও পুলিশ তাকে ঢুকতে দেয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এমএ/১৯০৫ ঘ.