নাটোর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলসহ ১৬ জনের বিরুদ্ধে সোমবার একটি মামলা হয়েছে।
বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের বদর উদ্দিন বাদি হয়ে নাটোরের দ্বিতীয় আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী অভিযোগটি গ্রহণ করে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০১ সালের নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ফজলুর রহমান পটলকে ভোট দিতে অসম্মতি জানানোয় বাদির পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে আসামিরা নির্বাচনে জিতলে তাদের দেখে নেওয়ার হুমকি দেয়।
বাদির অভিযোগ, নির্বাচনের পরে একই বছরের ২৬ অক্টোবর রাতে পটলের নির্দেশে আসামি নেকবর হোসেন, আবু বক্কার, হামিদ, আশরাফ, সাজদার, সান্টু, সেলিম, আসকান, মকবুল, হামিদ, রাহুল, জহুরুল, শরাফুল, মাসুদ ও গুলি সশস্ত্র অবন্থায় তার বাড়িতে চড়াও হয় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়।
পরদিন আসামিরা বাদির মা মনোয়ারা বেগমকে জিম্মি করে চাঁদার টাকা দাবি করে বলে অভিযোগ করেন বদর উদ্দিন। তিনি জানান, ওই সময় তিনি ও তার ভাই মাসুদ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে জীবন রক্ষা করেন। পরে অন্য লোকের মাধ্যমে ৫০ হাজার টাকা আসামিদের কাছে পৌঁছে দেন।
ওই ঘটনার চাপ সইতে না পেয়ে মনোয়ারা বেগম হৃদরোগে মারা যান বলে এজাহারে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ঘটনার সময় থানায় মামলা করতে গেলে প্রতিমন্ত্রী পটলের নির্দেশে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি।
ফজলুর রহমান পটল গত ২৯ মে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর এখন কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/২০০৬ ঘ.
bdnews24