২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের সাবেক সাংসদ স্বপনের বিরুদ্ধে লুটপাটের মামলা

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট ও ভাংচুরের অভিযোগে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

বরিশাল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট ও ভাংচুরের অভিযোগে একটি মামলা হয়েছে। বাতিল হওয়া সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ ইউ তুহিনের ছোট ভাই মো. আরাফাত বাদি হয়ে সোমবার গৌরনদী ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট মুনিম হাসান মামলাটি আমলে নিয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই সরকারকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় জহির উদ্দিন স্বপন ছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ১৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ২০০৬ সালের ১ ডিসেম্বর গৌরনদী বাস স্ট্যান্ড এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় জহির উদ্দিন স্বপনের নির্দেশে অপর আসামিরা মাহমুদ তুহিনের গাড়িবহরে হামলা চালায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আসামিরা তুহিনের ব্রিফকেস থেকে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। ওই হামলায় তুহিনের তিন লাখ ৭৫ হাজার টাকার মালামাল ধ্বংস হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলা দায়েরের কথা স্বীকার করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত থেকে কাগজপত্র এখনও থানায় এসে পৌঁছেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭২৬ ঘ.