ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, "দল থেকে যাদের বহিষ্কার করা হয়েছে তারা আর দলের সদস্য নয়। সে কারণে তারা নিজেদের মূলধারা দাবি করতে পারে না। তাদের এ দাবি অবৈধ।"
শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন।
বিএনপি এ দিন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া কর্মসূচি পালন করে।
খোন্দকার দেলোয়ার বলেন, ''আমি গ্রামের বাড়িতে মসজিদে দোয়া মাহফিলে অংশ নিয়েছি। সব জায়গায় দেশনেত্রীর জন্য দোয়া হয়েছে।''
বিএনপির মূলধারা হিসাবে মান্নান ভ্ূঁইয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, '' বহিষ্কৃতরা দলে নেই। তাদের মূলধারা দাবি করা অবৈধ।''
এদিকে খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ চেয়ারপারসনের নেওয়া বহিষ্কারের সিদ্ধান্তকে সঠিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।
শুক্রবার দুপুরে ডিওএইচএস-র নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, "বিএনপিতে চেয়ারপারসনের একক ক্ষমতা আছে বলেই দল জঞ্জাল ও সঙ্কটমুক্ত হয়েছে। ভবিষ্যতে এই ক্ষমতা বিলোপ করা হবে না।''
হান্নান শাহ বলেন, ''মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেন এখন বিএনপির কেউ নন। তাদের বহিষ্কারের ফলে আমরা বিএনপিতে ভালোভাবে কাজ করতে পারব।''এ সময়ে সাবেক সাংসদ বি এম আশরাফ উদ্দিন নিজাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এমএইচবি/২০৫১ ঘ.
bdnews24