ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অব্যাহতি দেয়া ও বহিস্কারের পর নেতা-সংকটে পড়েছে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটি। দলের মধ্যে পরিচিত নেতা এখন একেবারেই কম। তবে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, '' পাটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের দলের প্রতি কমিটমেন্ট নেই, তাদের দলে প্রয়োজনও নেই। আমরা দল থেকে আগাছা মুক্ত করে একটি পরিশুদ্ধ জাতীয় পার্টি গড়ে তুলতে চাই।''
তিনি বলেন, যেসব নেতাতে অব্যাহতি দেওয়া হয়েছে বা হচ্ছে, তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন,"দলে থাকতে হলে শৃঙ্খলা মেনে চলতে হবে।''
অব্যাহতি দেওয়া আর বহিষ্কার করার কারণে জাতীয় পার্টির সভাপতিমন্ডলীতে এখন কাজী জাফর আহমদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও জি এম কাদের ছাড়া আর তেমন কোনো পরিচিত নেতা কেউ নেই।
হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন ১৯৮৬ সালে। এরপর থেকে এই পার্টি থেকে পর্যায়ক্রমে মিজানুর রহমান চৌধুরী (বর্তমানে প্রয়াত), শাহ মোয়াজ্জেম হোসেন, ডা. এম এ মতিন, নাজিউর রহমান মঞ্জুর, আনোয়ার হোসেন মঞ্জু, রাজিয়া ফয়েজ, সর্দার আমজাদ হোসেন, এ বি এম গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত কর্নেল জাফর ইমাম, অবসরপ্রাপ্ত কর্ণেল এইচ এম গাফ্ফার, শেখ শহীদুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, তাজুল ইসলাম চৌধুরী, নূর মোহাম্মদ খান, নিতাই রায় চৌধুরী, গোলাম সরোয়ার মিলন, মাইনুদ্দিন ভূঁইয়া, , গোলাম মসিহ, এস এম এম আলম, ফখরুল ইমাম ও মশিউর রহমান রাঙ্গা, শফিউল আলম প্রধান, শেখ শওকত হোসেন নিলু, ইসমাইল হোসেন বেঙ্গল,মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ নেতারা বেরিয়ে গেছেন কিংবা তাদের দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এরা সবাই দলের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন।
বৃহস্পতিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাজী ফিরোজ রশীদ, গোলাম মসিহ, এইচ এম গাফ্ফারসহ সভাপতিমন্ডলীর ৮ সদস্যকে অব্যহতি দেওয়া হয়। তখন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, '' দলের শৃঙ্খলা যারা মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।''
তবে অব্যাহতির ব্যাপারে জানতে চাইলে কাজী ফিরোজ রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, '' আমরা অনেক আগেই ওই দল ছেড়ে এসেছি, সেখানে অব্যাহতি দেওয়া অবান্তর। অগণতান্ত্রিক ৪৬ ধারা যে দলে আছে, সেখানে আমরা থাকতে পারি না। জাতীয় পার্টিতে এখন কোনো নেতা নেই। চাটুকার আর বেতনভুক্ত লোকজনকে নিয়ে দল চলছে। সারাদেশে তাদের কোনো কমিটিও নেই। ''
গোলাম মসিহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''অব্যাহতির এই সিদ্ধান্ত হঠকারি ও অবৈধ। এভাবে অব্যাহতি দেওয়ার এখতিয়াার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেই।''
উল্লেখ্য, দুই মাস আগে এরশাদের স্ত্রী রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করে, গোলাম মসিহকে ভারপ্রাপ্ত মহাসচিব করে এরশাদের নেতৃত্বাধীন দল থেকে বেরিয়ে যান।
জাতীয় পার্টি বিভিন্ন সময়ে বিভক্ত হয়ে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জেপি(মঞ্জু), নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্র্টি (বিজেপি),শফিউল আলম প্রধানের নেতৃত্বে জাপা গঠিত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/১৭৪৮ ঘ.
bdnews24