চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়ায় মুক্তিযোদ্ধা নুরুল কবীর হত্যা মামলায় সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক পরেশ চন্দ্র শর্মা এই আদেশ দেন। শাহজাহান চৌধুরী ছাড়াও এই মামলায় পলাতক ১৯ আসামিকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি ও জামিনে থাকা ১৯ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে এ মামলার তিন আসামি কারাগারে আটক রয়েছেন। এরা হলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর ডা. নুরুল হক, মোহাম্মদ ইসহাক ও শামসুল আলম।
১৯৯৮ সালে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল কবীরকে হত্যার অভিযোগে সাতকানিয়া থানায় শাহজাহান চৌধুরীসহ ৪২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিন শাহজাহান চৌধুরীসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/জেকে/২১০৮ ঘ.
bdnews24