ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে রিমান্ড শেষের আগেই বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ সালেহউদ্দিন এই আদেশ দেন।
দুপুর ১টা ৫০ মিনিটে কড়া পহারার মধ্যে কোকোকে আদালতে হাজির করা হয়। এসময় ছাই রঙের টি শার্ট ও প্যান্ট পরিহিত কেকোকে বিমর্ষ দেখাচ্ছিল।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও কন্টেইনার ডিপো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল হুদা আদালতে রিমান্ড ফেরতের প্রতিবেদন দিয়ে কোকোকে কারাগারে পাঠানো আবেদন জানান।
রিমান্ড ফেরতের প্রতিবেদনে তিনি বলেন, আরাফাত রহমান কোকোকে ৩ সেপ্টেম্বর সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। তার দেওয়া তথ্য যাচাই বাছাই করা প্রয়োজন। আপাতত তাকে কারাগারে পাঠানো যেতে পারে। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে আবারও রিমান্ডের আবেদন করা যাবে।
অন্যদিকে কোকোর আইনজীবীরা মামলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তার জামিনের আবেদন জানান।
শুনানি শেষে হাকিম কোকোকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে তার জামিনের আবেদন আদালতের নথিতে রেখে দেন।
এরপর কোকোর বুকে ব্যথা ও হৃদরোগ রয়েছে দাবি করে তার আইনজীবীরা তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট বা ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তির অনুরোধ জানান। এ বিষয়ে আদালত কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তারা কেকোকে কারাগারে ডিভিশন দেওয়ারও আবেদন জানান। তারা যুক্তি দেন, তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রপ্রধান ছিলেন, মা ছিলেন সরকার প্রধান। তিনি অভিজাত, বিলাসী ও আধুনিক জীবন যাপনে অভ্যস্ত। তাছাড়া হাইকোর্ট এর আগে তারেক রহমানকে যেসব কারণে ডিভিশন দিয়েছে সেসব কারণে কোকোকেও ডিভিশন দেয়া যাবে।
ডিভিশনের ব্যাপারে আদালত কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।
কোকোর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফাসহ অর্ধশতাধিক আইনজীবী। শুনানিতে অংশ নিতে একসঙ্গে অনেক আইনজীবী আদালতে ঢোকার চেষ্টা করলে সেখানে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
রোববার রাতে তেজগাঁও থানায় খালেদা ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে কন্টেইনার ডিপো দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সোমবার সকালে খালেদা ও কোকোকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পুলিশ কোকোকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ইএইচবি/এএইচডি/এসএনডি/এমএ/জেকে/১৯০৮ ঘ.
bdnews24