ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দলে কোনো বিভেদ নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
তিনি বলেছেন, "অন্য দলের মতো অবস্থা আওয়ামী লীগের নয়। আমি দলের সভাপতি, সভাপতি হিসেবে যা বলি সেটা ভুল হলেও দলেরই মতামত।"
বৃহস্পতিবার বিকেলে গুলশানে নিজের বাসায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মিগ-২৯ দুর্নীতি মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনার আবেদন উচ্চ আদালতে খারিজ হয়ে যাওয়া প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, "আমরা অত্যন্ত দুঃখিত ও ব্যথিত। কারণ আমরা আশাবাদী ছিলাম। তবে আবেদনটি খারিজ করে দেওয়ার অর্থ এই নয় যে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলেন।"
যত দ্রুত সম্ভব এই মামলা বাতিলের জন্য উচ্চতর আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি।
জিল্লুর রহমান বলেন, "কোনো ব্যক্তির বিরুদ্ধে ১২-১৩টা মামলা দিয়ে দুর্নীতি দূর করা যাবে না। দুর্নীতি দমনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণের মধ্যে দেশপ্রেম না আসবে ততক্ষণ মামলা দিয়ে বা হয়রানি করে দুর্নীতি কমানো যাবে না।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যাতে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা বা জরুরি অবস্থা রাখতে হবে। এখন মানুষকে হয়রানি করা হচ্ছে, মুখে তালা দিয়ে ঘরে আটকে রাখা হয়েছে।"
গত বুধবার ঘোষণা দিয়ে মান্নান ভূঁইয়ার বাসায় বৈঠক হওয়া প্রসঙ্গে
জিল্লুর রহমান বলেন, "আমি কিছু বলব না, শুধু বলব মানুষ অস্থির হয়ে আছে।"
মান্নান ভূঁইয়াকে সরিয়ে দেলোয়ার হোসেনকে বিএনপির মহাসচিব করার বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, "এটা আসলে একটা দলের ভাঙন। এটা আমাদের কাম্য নয়। আমাদের মতো অনুন্নত দেশেই এমন ঘটনা ঘটে।"
রাষ্ট্রপতি হিসেবে ইয়াজউদ্দিন আহম্মেদের মেয়াদ পূর্ণ হওয়ার পরও ওই পদে তার বহাল থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "সংবিধান সম্মত হলে এতে কোনো সমস্যা নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচএস/এমএ/১৮৫০ঘ.
bdnews24