ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসভবন এখন ফাঁকা পড়ে আছে। পরিবারের কোনো সদস্য সেখানে নেই। সোমবার সকালে ছোট ছেলেসহ খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পরপরই তারেক রহমান ও আরাফাত রহমানের স্ত্রীরা সন্তানদের নিয়ে তাদের বাবার বাসায় চলে যান।
বাসার কর্মচারি রুহুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার জানান, "ম্যাডামকে নিয়ে যাওয়ার পর বাসায় এখন কেউ থাকেন না। আমিও যাইনি। ওটি এখন নির্জন বাসা।"
তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি, মেয়ে জাহিয়া রহমান, জাফিয়া রহমান সোমবার দুপুরে শহীদ মইনুল সড়কের বাসা থেকে বেরিয়ে যান। কর্মচারিদের অনেকেও তাদের সঙ্গে চলে গেছেন বলে জানান রুহুল আমিন।
সোমবার খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর সকাল ১১টা থেকে সাত ঘণ্টা পুলিশ সদস্যরা বাসাটিতে তল্লাসি চালায়।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এ বাসায় যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ছিলো, সোমবার সকালের পর তা কমানো হয়েছে। দুই-একদিনের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়া হবে বলে জানায় আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/২১০৮ ঘ.
bdnews24