ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুজনের মধ্যে চিন্তাচেতনার ছিল বিস্তর ফারাক। তবে এখন তাদের দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র ৬০ গজে। এই হিসাব অবশ্য তাদের এখনকার আবাসস্থলের নিরিখে, মানসিকতার নয়।
সোমবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর পাঠানো হয়েছে সংসদভবন চত্বরের বিশেষ কারাগারে। সেখানে ৬০ গজ দূরত্বে বিশেষ কারাগার করা আরেকটি ভবনে আগে থেকেই আছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
রোববার তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় দেড় মাস আগে ১৬ জুলাই গ্রেপ্তার করা হয় শেখ হাসিনাকে। তাকে রাখা হয়েছে জাতীয় সংসদের হুইপের বাসভবনে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ কারাগারে। আর খালেদাকে রাখা হয়েছে পাশেই স্পিকারের জন্য নির্ধারিত বাসভবনে।
সোমবার সকাল ১০টা ১০মিনিটে খালেদা জিয়াকে বিশেষ কারাগারে আনা হয়। সন্ধ্যায় কারা উপ মহা-পরিদর্শক মেজর সামছুল হায়দার সিদ্দিকী জানান, বিশেষ কারাগারে আনার পর বিএনপি চেয়ারপারসন জোহর, আসর ও মাগরিবের নামাজ পড়েছেন। দুপুরে খাবার খেয়েছেন এবং বিকেলে নাস্তা করেছেন।
তিনি বলেন, "খালেদা জিয়া দুপুরে মুরগীর মাংস, লাউ ভাজি, একটি সবজি ও ডাল দিয়ে ভাত খেয়েছেন। রাতের খাবারে তিনি ইলিশ মাছ খাবেন বলে ঠিক করা হয়েছে। তার জন্য খাবার ওখানেই রান্না হচ্ছে। তিনি তার পছন্দমত খাবার পাবেন।"
তিনি জানান "জেল চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তার কোনও সমস্যা পাওয়া যায়নি। এমনিতে তিনি যেসব ওষুধ খান সেগুলো সঙ্গেই নিয়ে এসছেন।"
খালেদা জিয়াকে বিশেষ কারাগারে প্রথম শ্রেণীর বন্দির সব সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
দুপুরে সংসদ ভবন চত্বরে মেজর সামছুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের আরও বলেন, "একজন প্রথম শ্রেণীর বন্দির যে সব সুযোগ সুবিধা পাওয়ার কথা তার সবকিছুই খালেদা জিয়া পাবেন। তিনি টিভি দেখতে এবং বিভিন্ন বই ও পত্রপত্রিকাও পড়তে পারবেন। পড়াশোনার জন্য তার কক্ষে চেয়ার-টেবিল দেওয়া হয়েছে।"
কারা উপ মহাপরিদর্শক বলেন, "তিনি (খালেদা জিয়া) কারাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকবেন। তবে প্রয়োজন হলে তিনি পাশের আরো চারটি কক্ষ ব্যবহার করতে পারবেন।"
মেজর সিদ্দিকী জানান, র্যাব ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ছাড়াও চারজন মহিলা কারারক্ষীসহ মোট ২৪ জন কারারক্ষী খালেদা জিয়ার দেখাশোনা করবেন।
এক প্রশ্নের জবাবে কারা কর্মকর্তা বলেন, "সংসদ ভবন চত্বরে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে সম্পূর্ণ পৃথক দুটি ভবনে রাখা হয়েছে। এ দুটি ভবনের মধ্যে দূরত্ব কমপক্ষে ৬০ গজের মতো।"
খালেদা জিয়াকে আনার আগে থেকেই সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে র্যাব, পুলিশ ও দাঙ্গা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সংসদ ভবন চত্বরে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত দুইশ' পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এমএসবি/এমএইচবি/২০৫৪ ঘ.
bdnews24