ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেড় মাস বয়সের নাতির ছবি দেখে কেঁদেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে বিশেষ কারাগারে হাসিনার সঙ্গে দেখা করে এসে তার আত্মীয়রা সাংবাদিকদের এ কথা জানান।
হাসিনার সঙ্গে দেখা করতে বিকেল ৪টার দিকে সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে যান তার ফুপু আলিমা সারোয়ার লুলু, মামাতো বোন শেখ মিলি, ফুপাতো বোন ফিরোজা বেগম ও ভাগ্নি মিতা চৌধুরী। তারা সেখানে প্রায় দেড় ঘণ্টা ছিলেন।
কারাগার থেকে বের হয়ে হাসিনার ফুপু ও মামাতো বোন সাংবাদিকদের জানান, হাসিনার মনোবল বেশ শক্ত আছে। তবে তিনি ছোট বোন শেখ রেহেনা, ছেলে জয় ও মেয়ে পুতুলের সঙ্গে টেলিফোনে কথা বলতে না পারায় কষ্টে আছেন।
ফুপু আলিমা সারোয়ার বলেন, "যতক্ষণ তার সঙ্গে সময় কাটিয়েছি কোনো রাজনৈতিক কথা হয়নি। শুধু পারিবারিক আলোচনা হয়েছে। পুতুলের দেড় মাস বয়সের ছেলের ছবি নিয়ে গিয়েছিলাম। সেটা বুকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কেঁদেছে।"
তারা জানান, হাসিনা আশঙ্কা করছেন তিনি হয়ত ন্যায়বিচার পাবেন না। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শেখ মিলি জানান, তারা হাসিনার জন্য হালুয়াসহ শুকনো কিছু খাবার নিয়ে গিয়েছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএইচবি/এসএনডি/এমএইচবি/২২২৬ ঘ.
bdnews24