ঢাকা, ২৯ আগষ্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু মনে করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা আটক থাকা অবস্থাতেও দলের কাউন্সিল হতে পারে। সংস্কারবাদী আমু নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।
আমির হোসেন আমুর মতে, বঙ্গবন্ধুর জন্মদিন কিংবা ১৫ আগস্টকে সামনে রেখে জরুরি অবস্থার মধ্যেও দলীয় বৈঠক করা গেলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়েও দলীয় ফোরামে আলোচনা হতে পারে।
আমু বলেছেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো নির্বাচনে অংশগ্রহণের ক্ষমতা আওয়ামী লীগের মতো বড় দলের রয়েছে। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বুধবার সকালে ইস্কাটনে নিজের বাড়িতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে 'মিথ্যা ও ভিত্তিহীন' বলে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান যে আখ্যা দিয়েছেন এর সঙ্গে তিনি একমত কিনা জানতে চাইলে আমু বলেন,"তিনি তা মনে করতে পারেন। আমি কিছু মনে করি না। রাজনৈতিক উদ্দেশ্যে অনেক মামলা দেওয়া হয়ে থাকে। পরে মামলাগুলোর মেরিটই প্রমাণ করবে সেগুলো ভিত্তিহীন কিনা।"
আওয়ামী লীগের তিন সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত দলীয় সংস্কারের জন্য যে প্রস্তাব দিয়েছেন সেগুলো সম্পর্কে তিনি কি মনে করছেন-এ প্রশ্ন করা হলে আমু বলেন,"সংস্কার প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন করা হবে। সময় ও সুযোগ মতো সংস্কার বাস্তবায়িত হবে।"
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন,"আমরাও ছাত্র আন্দোলন করেছি। বাংলাদেশের প্রতিটি আন্দোলনেই ছাত্রদের বিরাট ভূমিকা ছিল। এবারও ছাত্র সমাজ বিরাট বিজয় অর্জন করেছিল। কিন্তু কিভাবে তাদের বিজয় ছিনতাই হয়ে গেলো ? এটা ছিল লক্ষ্যবিহীন। এটা কারোই কাম্য নয়।"
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,"আলোচনায় যেতে তো কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যেতে হলে যাবো। এজন্য যদি আমাদের নিজেদের মধ্যে আলোচনার দরকার হয় তা হলে তা করবো। যদি ১৫ আগষ্ট বা বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে আলোচনা হতে পারে, তাহলে নির্বাচন কমিশনের সঙ্গে কি কথা হবে সেটা নিয়ে কেন আলোচনা হতে পারবে না ? যদি না সরকারের পক্ষ থেকে কোনো অন্তরায় সৃষ্টি করা না হয়।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য শেখ হাসিনার আটকের বিষয়টি কোনো প্রভাব ফেলবে না।"
বর্তমান সরকারের প্রকৃতি সম্পর্কে এক উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের ভিন্নমত প্রকাশ সম্পর্কে মন্তব্য চাওয়া হলে আমু বলেন,"লেট দেম ক্লারিফাই দেমসেল্ফ।"
২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আমু বলেন,"মনে তো হচ্ছে সরকার সিরিয়াসলিই এগুচ্ছে।"
তবে প্রধান দু'দলের নেতাদের দুর্নীতির অভিযোগে আটক করা হলেও জামাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না -এ অভিযোগ তুলে তিনি বলেন,"জামাতের বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে।"
এক প্রশ্নের জবাবে আমু বলেন,"নেত্রীর আটক থাকলেও কাউন্সিল হতে কোনো অসুবিধা নেই।"
আমু বলেন,"সমস্যা থেকে উত্তরণের জন্য সরকার যদি মনে করে সকলের সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, তা হলে তা করবে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমাধান করতে হলে জাতীয় সরকার হতে হবে।"
আমু জানান, তার স্ত্রীর শারিরীক অবস্থা খুবই খারাপ। আগামী রোববারই তিনি আবার সস্ত্রীক সিঙ্গাপুরে যাবেন।
এই সময়ে দেশে ফেরাটা ইঙ্গিতপূর্ণ কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন,"আমার আসাটা ইঙ্গিতপূর্ণ নয়, কাকতালীয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৪৫২ঘ.
bdnews24