ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শুক্রবার কারফিউ ১৪ ঘণ্টা শিথিল থাকার পর সরকার বলেছে, শনিবার এই সময়সীমা বাড়িয়ে ১৭ ঘণ্টা করা হবে।
শুক্রবার রাতে এক সরকারি আদেশে বলা হয়েছে, রাজধানীসহ ৬ বিভাগীয় শহরে শনিবার ভোর ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর আবার কারফিউ বহাল হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যা নামার পর থেকে কারফিউয়ের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে শুরু হয় ঘরে ফেরার তাড়া। রাস্তাঘাটে সৃষ্টি হয় যানজট। কোনো যানবাহন না পেয়ে উর্ধ্বশ্বাসে ঘরের পথে ছুটতে দেখা যায় বহু মানুষকে। রাত দশটা থেকে পূর্বঘোষণা অনুযায়ী আবার কারফিউ শুরু হচ্ছে। চলবে সকাল ৬ টা পর্যন্ত। (আরো তথ্যসহ-৪)
শুক্রবার নামাজের জন্য দুপুরের দিকে কারফিউ শিথিল করা হতে পারে এরকম ধারণা করেছিলেন অবরুদ্ধ নগরীগুলোর অনেক বাসিন্দাই। স্বাভাবিকতা ফিরে এলে পর্যায়ক্রমে কারফিউ তুলে নেওয়ার সরকারি আশ্বাসও ছিল। সকালে ঘুম থেকে উঠেই কারফিউ শিথিল করার খবরে সাময়িক স্বস্তি ফিরে আসে রাজধানীবাসীর জীবনে। বিভিন্ন কাজে ঢাকায় এসে আটকে পড়া মানুষের ঢল নামে বাস ও ট্রেন স্টেশনের পথে। কেনাকাটার জন্য কাঁচা বাজারগুলোতে ভিড় জমে। কাজের সন্ধানে রাস্তায় নেমে আসেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা।
তবে হয়রানির আশঙ্কায় আর দশটা ছুটির দিনের মতো স্বাভাবিক প্রাণচঞ্চল্য দেখা যায়নি কোথাও। কেবল জরুরি প্রয়োজনেই মানুষ রাস্তায় নেমেছে। নগরবাসীরা মূলত ছুটেছেন বাজারের পথে। বিশেষ করে কাঁচাবাজারে জুমার নামাজের আগে দেখা গেছে প্রচণ্ড ভিড়।
শুক্রবার সকালে পান্থপথের মোড়ে বসে থাকা দিনমজুরদের চোখে মুখে ছিল ভারমুক্তির আলো। এ প্রতিবেদককে বহন করা 'সংবাদপত্র' লেখা লালসালু জড়ানো সিএনজি বেবিট্যাক্সিটি দেখেই তাদের কয়েকজন যেভাবে "হই!" বলে চেচিয়ে উঠলেন তার দ্যোতনা দু'অক্ষরে সীমিত ছিল না।
মেলান্দহের ব্যবসায়ী হেদায়েত উল্লাহ ঢাকায় এসে আটকে পড়েন হঠাৎ ঘোষণা দেওয়া কারফিউয়ের কারণে। দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন তিনি। বৃহস্পতিবার তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল হলে ছুটে যান মহাখালীতে। কিন্তু বাস না পাওয়ায় বাড়ি ফেরা সম্ভব হয়নি। সাড়ে ৬টা পর্যন্ত চেষ্টা করে আত্মীয়র বাসায় ফিরতে বাধ্য হন তিনি। শুক্রবার সকালে কারফিউ শিথিল করার খবর শুনে আবার ছুটেছেন মহাখালীর দিকে। বড় দুটো ব্যাগে দোকানের মালপত্র নিয়ে রিক্সায় চড়ে ভেঙে ভেঙে পুরনো ঢাকা থেকে মহাখালীর দিকে যাচ্ছিলেন তিনি। বাংলামোটর মোড়ে এসে রিক্সা বদলের সময় কথা হয় তার সঙ্গে।
মহাখালী টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীদের প্রচণ্ড ভিড়। বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের শিক্ষার্থী। হল খালি করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রূপম মোহাম্মদপুরে বন্ধুদের মেসে উঠেছিলেন। বৃহস্পতিবার রাতে ওই এলাকার মেসে সেনাবাহিনী তল্লাশি করছে শুনে হাতিরপুল এলাকায় আরেক বন্ধুর বাসায় রাত কাটিয়ে সকালেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি ।
রিক্সাচালক শামীম বরিশাল থেকে নতুন ঢাকায় এসেছেন। ঢাকায় এসেই দেখলেন পুলিশ জনতার লড়াই। কারফিউ শুরুর সন্ধ্যায় তিনি রিক্সা নিয়ে নেমে পুলিশের হাতে মার খেয়েছেন। বৃহস্পতিবারে ভয়ে পথে নামেননি। শুক্রবার ইচ্ছে না থাকলেও পেটের দায়ে রাস্তায় বেরুতে হয়েছে।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কেরামত উল্লাহ এসেছেন হাতিরপুল বাজারে। বৃহস্পতিবার কারফিউ শিথিল করার সময়ে একবার ভেবেছিলেন আসবেন। কিন্তু পরিবারের অন্য সদস্যরা আপত্তি করায় তিনি বের হননি। শুক্রবার বাজারে না এসে উপায় ছিল না।
চাহিদার তুলনায় বাজারে পণ্যের যোগান কম। তাই শুক্রবার দাম ছিল চড়া। দোকানিরা বলছেন, কারফিউয়ের কারণে সরবরাহে সমস্যা হয়েছে বলে দাম বেড়ে গেছে। এছাড়া ক্রেতারা একটু বেশি দাম দিয়ে হলেও সবকিছুই বেশি করে কিনে রাখতে চাইছেন। এ কারণেও দাম উর্ধ্বমুখী।
রাজপথে মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকার পরও যানবাহন সঙ্কট ছিল। রিক্সাই এখন হয়ে উঠেছে নগরবাসীর প্রধান বাহন। যেসব সড়কে রিক্সা চলাচল নিয়মবিরুদ্ধে সেখানেও ছিল রিক্সার অবাধ চলাচল।
কারফিউ শিথিল করায় রিক্সা চালকরা স্বস্তির নি:শ্বাস ফেলছেন। দুদিন পর কিছু রোজগার করতে পেরে তাদের এই স্বস্তি। তবে অন্য প্রায় সব ধরণের কাজকর্ম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কুলি-মজুরের মতো শ্রমজীবী মানুষেরা।
কারফিউয়ের সময়ে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে আসতে বিপাকে পড়েন আত্মীয় স্বজনরা। বিশেষ করে ঢাকার নিুাচঞ্চলে ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভোগান্তি বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/বিআর/কেআরসি/এসএম/এসকে/জেকে/জিএনএ/২০৫৪ ঘ.
bdnews24