ঢাকা, ২০ আগস্ট(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--২১ আগস্ট উপলক্ষে এক বাণীতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সেদিনের হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন।
জিল্লুর রহমান বলেন, "এ ধরনের ন্যক্কারজনক ও মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তিরোধে আমরা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে চেয়েছিলাম। কিন্তু তৎকালীন সরকার গোটা তদন্তের বিষয়টিকেই প্রহসনে পরিণত করেছিল। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তারা ঘটনার প্রকৃত তদন্তে আগ্রহী হয়নি।"
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ এক বিবৃতিতে হামলার পর তিন বছর অতিবাহিত হলেও নিরপেক্ষ তদন্ত ও হামলাকারীদের চিহ্নিত করে বিচার না করায় উদ্বেগ প্রকাশ করেছেন।
ওর্য়াকার্স পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এতদিন পরও এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও এর সঙ্গে যারা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২৩২৭ ঘ.
bdnews24