ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সহায়তা ছাড়া সঠিকভাবে ভোটার তালিকা তৈরি সম্ভব নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
শনিবার গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, "ভোটার তালিকা তৈরি হওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনায় বসা উচিত। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সহায়তা ছাড়া সঠিকভাবে ভোটার তালিকা তৈরি সম্ভব না।"
ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়ে তিনি বলেন, "নিষেধাজ্ঞা না তুললে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সম্ভব নয়।"
প্রবাসী ছেলে, মেয়ে ও বোনের সঙ্গে কথা বলার জন্য আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগ্রহের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "জেলকোডে পরিষ্কার লেখা আছে, কেউ ইচ্ছা করলে তার আত্মীয়-স্বজনের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, শেখ হাসিনাকে তার ছেলে, মেয়ে ও বোনের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হোক।"
২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার বার্ষিকিতে আওয়ামী লীগের কর্মসূচি জানাতে গিয়ে জিল্লুর রহমান বলেন, "২১ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার স্থানে ফুল দেবে। এ ছাড়া ওই হামলায় নিহত আইভি রহমানের স্মরণে তার বাসায় মিলাদ মাহফিল হবে। গ্রেনেড হামলার আহত কয়েকজনের বাসায়ও যাব আমরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/জেকে/এমএইচবি/২০৫৭ ঘ.
bdnews24