ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --ভোটার তালিকা তৈরি শেষ হওয়ার পরপরই ঢাকা, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এই তথ্য জানিয়ে এদিন দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সিটি করপোরেশনগুলোতে নির্বাচন করার জন্য আমরা কমিশনে চিঠি পাঠিয়েছি। ঢাকা, রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশনে ভোটার তালিকার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই সিটি করপোরেশনগুলো নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে।"
নির্বাচন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলা, দেশে জরুরি অবস্থা ও ভোটার তালিকা নিয়ে বিতর্ক থাকায় সিটি করপোরেশনগুলোর মেয়াদ শেষ হওয়ার পরপরই নির্বাচন করা যায়নি বলে চিঠিতে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ১৪ মে ঢাকা, ১৬ জুন রাজশাহী এবং ২৬ জুন খুলনা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে।
কমিশন চলতি আগস্টেই ১০টি এলাকায় ছবিসহ ভোটার তালিকা তৈরি শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে শনিবার থেকে রাজশাহী সিটি করপোরেশনে ভোটার তালিকার কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১৯ আগস্ট থেকে রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ পৌর এলাকায় এবং ২৩ আগস্ট থেকে খুলনা সিটি করপোরেশন, চট্টগ্রামের রাউজান ও সীতাকুণ্ড, সাভার, বগুড়া ও যশোর পৌর এলাকায় ভোটার তালিকার কাজ শুরু হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/বিআর/এমএআর/এমএইচবি/১৭০০ ঘ.
bdnews24