২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা দম্পতির বিরুদ্ধে ঘুষের মামলার রায় ২৩ আগস্ট

প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী ২৩ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী ২৩ আগস্ট। মঙ্গলবার আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায় রায় ঘোষণার দিন ধার্য করেন। এদিকে ক্ষমতার অপব্যবহার করে রেলওয়ের জমি নামমাত্র মূল্যে নিজের স্ত্রীর সংগঠন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নামে বরাদ্দ দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন আসামি নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২০ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। ঘুষ গ্রহণের অভিযোগে গত ১১ মার্চ হুদা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। এরপর গত ৫ জুলাই মামলার অভিযোগ গঠন করা হয়। ৯ জুলাই থেকে এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪০ জন এবং আসামী পক্ষে ৮ জনসহ মোট ৪৮ জন সাক্ষী সাক্ষ্য দেন। ৭ আগস্ট থেকে শুরু হয় যুক্তিতর্ক। মামলার অভিযোগে বলা হয়েছে, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। ঘুষের টাকা সিগমা হুদা প্রকাশিত সাপ্তাহিক 'খবরের অন্তরালে' নামের পত্রিকার হিসাবে জমা দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮৪১ ঘ.