ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অবশেষে আগামী ৬ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা সোনা চোরাচালান মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়েছে।
এরশাদের পক্ষে যুক্তিতর্ক গ্রহণ শেষে মঙ্গলবার সাড়ে ১২টায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবুল বাসার রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন।
এ সময় এরশাদ আদালতে উপস্থিত ছিলেন।
এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপক্ষে এ মামলায় আট জন সাক্ষীর কেউই 'এরশাদ সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন' বলে আদালতে সাক্ষ্য দেননি।
মামলায় বিবরণে জানা যায়, ১৯৯০ সালের ৯ জুলাই বিমান বন্দর থেকে শুল্ক কর্মকর্তারা জার্মান ও ব্রিটেনের দুই নাগরিকসহ চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিন হাজার তোলা সোনা। এ ঘটনায় জার্মান ও ব্রিটেনের ওই দুই বিদেশী নাগরিক, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর আশরাফ উদ্দিন ও নিরাপত্তা কর্মকর্তা আবু তাহেরকে আসামি করে শুল্ক ও ভ্যাট পরিদর্শক মো. জাকারিয়া ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে সম্পূরক অভিযোগপত্রে এরশাদকেও ওই মামলায় আসামি করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।
পরবর্তীতে এরশাদ হাইকোর্টে মামলাটি খারিজের আবেদন জানালে এ মামলায় তার বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। অন্যদিকে অপর চার আসামিকে ১৯৯২ সালের ১৪ মে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৩১৯ ঘ.
bdnews24