ফেনী, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি এনামুল করিম মজুমদার বাদল ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল মজুমদার সাংবাদিকদের জানান, রোববার রাতে এক দল মুখোশধারী সন্ত্রাসী মির্জানগর ইউনিয়নের সলিয়া গ্রামে আওয়ামী লীগ নেতা বাদলের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তাকে বাঁচাতে নিলুফার ইয়াসমিন এগিয়ে এলে তাকেও কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
আহত দুজনকে ভোরে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয় বলে কামাল মজুমদার জানান। পরে তাদের ঢাকায় পাঠানো হয়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ভুঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহত বাদল আমাকে বলেছে, সন্ত্রাসীরা ঘরে ঢুকেই 'আজ তোর শেষ দিন-মৃত্যুর জন্য তৈরি হ' বলে কোপাতে শুরু করে।"
হামলাকারীরা ঘরের কোনও মূল্যবান সামগ্রী কিংবা টাকা লুটপাট করেনি বলে ওসি জানান।
হামলার নিন্দা জানিয়ে কামাল মজুমদার বলেন, "বাদলের মতো এমন শান্তিপ্রিয় নেতাকে এই জরুরি অবস্থার মধ্যে কারা এভাবে হত্যার চেষ্টা করতে পারে তা বুঝতে পারছি না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৭ ঘ.
bdnews24