ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেপ্টেম্বরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা যাবে বলে মনে করছে নির্বাচন কমিশন ।
সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সেপ্টেম্বর আসতে এখনো অনেকদিন বাকি। অপেক্ষা করুন কি হয়, তারপর দেখা যাবে।"
দুই প্রধান দলের অন্যতম আওয়ামী লীগ ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে কমিশনের সঙ্গে আলোচনা করবে না একথা বলার পর এ প্রক্রিয়া নিয়ে কিছুটা সংশয়ের সৃষ্টি হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা নিয়ে বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি।
নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন একই প্রশ্নের প্রায় অভিন্ন জবাবে সাংবাদিকদের বলেন, " সেপ্টেম্বর অনেক দূরে। আশা করছি, যথা সময়েই আলোচনা শুরু করতে পারবো। 'ওয়েট অ্যান্ড সি'।"
ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান রোববার সাংবাদিকদের জানিয়েছিলেন ,ঘরোয়া রাজনীতি ছাড়া আওয়ামী লীগ নির্বাচনী আইন সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, ঘরোয়া রাজনীতি চালু না হলেও কমিশনের 'রোডম্যাপ' অনুযায়ী আগামী মাস থেকেই তারা নির্বাচনী আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন।
সোমবার নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সদ্য জারি হওয়া ছবিসহ ভোটার তালিকা অধ্যাদেশ, ২০০৭ এর নানা বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
কোনো কারণে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরির উদ্যোগ সফল না হলে কমিশন কী করবে, তা জানতে চাইলে কমিশনার বলেন, "যদি ভাইরাসের কারণে কমিশনের কম্পিউটার নষ্ট হয়ে যায়, অথবা যদি দেশে হঠাৎ একটা যুদ্ধ লেগে যায়, তাহলে কমিশন কী বসে থাকবে? না, তা নয়। সে ক্ষেত্রে আমরা বিধি প্রনয়ণ করে আগের মতো (সনাতন পদ্ধতিতে ছবি ছাড়া) ভোটার তালিকা করবো।"
কোনো ভোটার ছবি তুলতে না চাইলে, তাকেও ভোটার তালিকাভূক্ত করা হবে কী না, তা জানতে চাইলে তিনি বলেন, "যদি এরকম ভোটারের সংখ্যা ব্যাপক হয়, সেক্ষেত্রে আরেকটি বিধি জারি করে তাদেরকেও ভোটার তালিকাভূক্ত করার কথা আমাদের চিন্তা করতে হবে।"
ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য এ সংক্রান্ত আরেকটি অধ্যাদেশ জারি হচ্ছে বলেও জানান ছহুল হোসাইন। তিনি বলেন, "আগের মতো এখন প্রতি পাঁচ বছর পর পর নতুন করে ভোটার তালিকা তৈরি করার প্রয়োজন পড়বে না। ছবিসহ ডিজিটাল ভোটার তালিকাটি প্রতিবছর জানুয়ারিতে হালনাগাদ করলেই চলবে।"
তিনি জোর দিয়ে বলেন, "শ্রীপুর, রাজশাহী ও কুমিল্লায় আমরা দেখেছি, ব্যাপক উৎসাহ নিয়ে সবাই ভোটার হচ্ছে। এ জন্য জরুরি অবস্থা বিশেষ প্রভাব ফেলছে না। আর সেনা বাহিনীও অসাধারণ ভাল কাজ করছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৫১৫ ঘ.
bdnews24