ঢাকা, আগষ্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
ঘোষিত কর্মসূিচর মধ্যে রয়েছে ১৫ আগস্ট ভোর সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু ভবনসহ দেশে আওয়ামী লীগের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল আটটায় বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে আটটায় বনানী গোরস্থানে '৭৫ এর ১৫ আগস্ট নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং গোরস্থান মসজিদে মিলাদ মাহফিল এবং দুপুর দেড়টায় বাদ জোহর দেশব্যাপী মসজিদে মিলাদ ও বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক লেঃ কর্ণেল (অব.) ফারুক খান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।
দলের উপ-দপ্তর সম্পাদক বি এম মোজাম্মেল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার একদিনের এই কর্মসূচী ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস ১৫ আগস্টের কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৭২৬ ঘ
bdnews24