২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ায় ত্রাণ বিতরণ কর্মসূচি বহাল রয়েছে: হান্নান শাহ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ আবারও জানিয়েছেন, খালেদা জিয়া শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করবেন। তিনি একই সঙ্গে বলেন, মহাসচিব মান্নান ভূঁইয়া দলীয় নেতা-কর্মীদের ত্রাণ কাজে অংশ নিতে যে আহবান জানিয়েছেন তা দলের আহবান নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ আবারও জানিয়েছেন, খালেদা জিয়া শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করবেন। তিনি একই সঙ্গে বলেন, মহাসচিব মান্নান ভূঁইয়া দলীয় নেতা-কর্মীদের ত্রাণ কাজে অংশ নিতে যে আহবান জানিয়েছেন তা দলের আহবান নয়। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মহাখালীর ডিওএইচএস'র বাসায় সাংবাদিকদের তিনি জানান, শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় ত্রান বিতরণে খালেদা জিয়া অংশগ্রহন করবেন। হান্নান শাহ বলেন, ''আগামীকাল (শনিবার) ত্রান বিতরণে অংশ নিতে নেত্রী মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বসে আছেন। যদি সরকার তার নিরাপত্তা দিতে না চান, সেক্ষেত্রে উনি নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়ে হলেও বন্যার্ত মানুষের কাছে যেতে চান। আমরা আশাবাদী সরকার বেগম জিয়াকে বন্যা এলাকায় যাওয়ার অনুমতি দেবে। তিনি সশরীরে গেলে বন্যার্ত মানুষের উপকার হবে, ত্রান কার্যক্রম গতিশীল হবে।'' তবে তিনি এও বলেন, ''নিরাপত্তার অজুহাতে ম্যাডামকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল যেতে দেওয়া না হলে সেখানে ত্রান দেবে বিএনপি।'' একই সঙ্গে হান্নান শাহ অভিযোগ করেন, মহাসচিব ত্রাণ কার্যক্রমের বিষয়ে দলের চেয়ারপারসনের সঙ্গে কোনো কথা বলেননি। তিনি (আবদুল মান্নান ভূঁইয়া) দলীয় নেতা-কর্মীদের ত্রাণ কাজে অংশ নিতে যে আহবান জানিয়েছেন,তা দলের আহবান নয়। মহাসচিব বেগম জিয়ার সঙ্গে যোগাযোগ না করার কারণে নেত্রী আমাকে বন্যার্ত মানুষের জন্য ত্রাণ বিতরণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সিরাজগঞ্জ শহর, টাঙ্গাইলের কালিহাতি ও ভুয়াপুর এলাকায় ১১ আগস্ট বেগম খালেদা জিয়া ত্রাণ বিতরণ করব। ত্রান বিতরণের সব প্রস্তুতি শেষ হয়েছে। । ঢাকা থেকে কর্মীরা ত্রাণসামগ্রী নিয়ে ওইসব এলাকায় ইতিমধ্যে পৌঁছে গেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৬৪৫ ঘ.