ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসক নিয়োগে কয়েকটি পত্রিকার তোলা দলীয়করণের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সরকার বলেছে, একটি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কোন প্রকার দলীয়করণের সুযোগ নেই।
বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে সরকার দাবি করেছে, চাকুরিকালীন কর্ম সম্পাদনের মুল্যায়ন ও সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক রচিত কর্মকর্তাদের সততা, যোগ্যতা ও নিরপেক্ষতা সর্ম্পকিত প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক ও উচ্চতর সকল পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত সংবাদে সচিব, ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিবদের নামের তালিকাসহ যে মূল্যায়ন প্রতিবেদন তৈরির কথা বলা হয়েছে এবং যে সব তথ্য পরিবেশন করা হয়েছে, তা মোটেই বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক নয়। সরকার এ জাতীয় কোনো পদক্ষেপ গ্রহন করেনি।
এতে আরো বলা হয়,বর্তমানে কর্মরত ৬৪ জন জেলা প্রশাসকের মধ্যে মাত্র ১৩ জন একটি উচ্চ পর্যায়ের সচিব কমিটি কর্তৃক প্রতিযোগিতামূলকভাবে নির্বাচিত হয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োজিত হয়েছেন। বাকী ৫১ জন পূর্ববর্তী সরকারের সময় হতে নিয়োজিত আছেন। তাদের বেশকয়েকজন রাজনৈতিক সরকারের আমল থেকেই কর্মরত।
তথ্য বিবরণীতে আরো বলা হয়, সরকার দৃঢভাবে বিশ্বাস করে যে, প্রজাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাগণ দক্ষতা,সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করছেন ও করবেন। এ মর্মে সরকার আশাবাদ পোষন করে যে, সংশ্লিষ্ট সংবাদপত্র সমূহ "নৈর্ব্যক্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ" পরিবেশনে সচেষ্ট হবে এবং এ ধরনের "বিভ্রান্তিকর" সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৯৫০ ঘ.
bdnews24