২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নির্বাচনী আইন সংস্কার নিয়ে সেপ্টেম্বরেই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা'

ঘরোয়া রাজনীতি চালু না হলেও আগামী মাসেই নির্বাচনী সংস্কার আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 11:15 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘরোয়া রাজনীতি চালু না হলেও আগামী মাসেই নির্বাচনী সংস্কার আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশন কার্যালয়ে বসে সাখাওয়াত হোসেন বলেন, "রোডম্যাপ অনুযায়ী কাজ চলবে। ঘরোয়া রাজনীতি চালু না হলেও সেপ্টেম্বরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা খসড়া আইন নিয়ে আলোচনা শুরু করব।" তিনি জানান, "আলোচনা শুরু করার জন্য এ মাসেই দলগুলোর কাছে সংস্কার আইনের খসড়া পাঠিয়ে দেওয়া হবে।" ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা বিষয়ক অধ্যাদেশের খসড়া রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "আজই যদি অধ্যাদেশ জারি হয়, তবে কাল থেকেই আমরা রাজশাহী সিটি করপোরেশনে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ শুরু করব। পরে প্রধান উপদেষ্টা রাজশাহী গিয়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।" এ বছর শীত মৌসুমে ঢাকা সিটি করপোরেশনে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি। কমিশনার বলেন, "ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনে ভোটার তালিকা তৈরি করতে পারলে এই কাজ অনেকটা এগিয়ে যায়। কারণ এ সব এলাকায় ভোটার তালিকার কাজ অনেক জটিল।" রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পছন্দের ভোটারদের ফরম পূরণ করছে বলে পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, "স্থানীয়ভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সেখানে নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ জড়িত নয়। তবে এক লাখ ফরম পূরণ করেও লাভ হবে না। প্রকৃত ভোটারকে কেন্দ্র এসে ছবি তুলতে হবে ও আঙুলের ছাপ দিতে হবে। আর ভোটার ফরমে পাঁচজন কর্মকর্তার স্বাক্ষরও থাকতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএইচবি/১৭০২ ঘ.