বরিশাল, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক আইন প্রতিমন্ত্রী এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে দায়ের করা হত্যা প্রচেষ্টার মামলাটি থানায় নথিভুক্ত হয়েছে।
রাজাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাবেক সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাদী হয়ে গত ১৬ মে ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার দায়ের করেন। এতে শাহজাহান ওমরসহ ১৪ জনকে আসামি করা হয়।
অভিযোগ শেষে এজাহারটি শনিবার রাতে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক।
মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালে সংসদ নির্বাচনের ঠিক আগে ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতীয় পাটির রাজাপুর উপজেলা কার্যালয়ে শাহজাহান ওমরের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় শাহজাহান ওমর সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুকে লক্ষ করে গুলি চালালে তিনি আহত হন।
মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ঝালকাঠি জেলা যুবদলের সভাপতি মীর জিয়া উদ্দিন মিজান, রাজাপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছিম আকন ও তার ভাই ফিরোজ আকন।
পুলিশ কর্মকর্তা নূরুল হক আরও জানান, মামলাটি তদন্তের জন্য উপপরিদর্শক নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে অচিরেই প্রতিবেদন দাখিল করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩১৪ ঘ.
bdnews24