২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাসিনার ব্যাংক হিসাব জব্দ মানবাধিকার লঙ্ঘনের শামিল'

শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করেন তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ। তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 03:27 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করেন তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ। তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গত ১ আগস্ট রাজস্ব বোর্ড এক আদেশে হাসিনার স্বামী ড. এম. ওয়াজেদ মিয়া এবং ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ তার স্বামী ড. শফিক সিদ্দিকী এবং বঙ্গবন্ধু জাদুঘর ও গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গঠিত তহবিলের ব্যাংক হিসাব জব্দের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয়। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য হাসান মাহমুদ শুক্রবার বিকালে কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দিয়ে সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারের সামনে সাংবাদিকদের বলেন, "ওয়াজেদ মিয়া অসুস্থ; তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলে চিকিৎসা হবে কী ভাবে? জয়ই বা কী দোষ করেছে?" তিনি জানান, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার সিদ্ধান্তে ট্রাস্টের অনুদানভুক্ত ১২০০ শিক্ষার্থী এবং ৪৪ জন কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ড. মাহমুদ শুক্রবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাসিনার কাছে দুটি বই পাঠান। চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে হাসিনাকে সেখানে রাখা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিআর/এমআই/এমএইচবি/২১১০ ঘ.