ঢাকা, আগষ্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে আপিল বিভাগের আদেশে আশাহত হলেও 'হতাশাগ্রস্ত 'নন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
বৃহস্পতিবার তিনি বলেন, "আপিল বিভাগের আদেশে আমরা আশাহত হলেও হতাশাগ্রস্ত হয়নি। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করেনি। ১৪ তারিখের পর আপিল বিভাগ তাদের ফাইনাল রায় দেবে।"
তিনি বলেন, "আওয়ামী লীগ আইনের প্রতি বিশ্বাসী। দলের নেতাকর্মীরা আশাবাদী যে, আপিল বিভাগের রায় শেখ হাসিনার পক্ষেই যাবে।"
আপিল বিভাগের আদেশের পরপরই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ডা. দিপু মনি, পরিবেশ বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদসহ দলের বিভিন্ন নেতা সকাল ১১টা থেকে জিল্লুর রহমানের বাসায় আসতে শুরু করেন।
সেখানে প্রায় একঘন্টার বৈঠক শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শেখ হাসিনাকে মুক্ত করতে আইনের আশ্রয় ছাড়া অন্য কোনও বিকল্প চিন্তা করা হচ্ছে কিনা জানতে চাওয়া হলে আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "বাকী মামলাগুলোতেও আমরা আইনের আশ্রয় নেব। এছাড়া অন্য কিছু ভাবছি না।"
জিল্লুর রহমান বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান । বন্ধ হয়ে যাওয়া খালিশপুর পাটকল শ্রমিকদের বকেয়া দ্রুত পরিশোধ করার জন্যও সরকারকে অনুরোধ জানান জিল্লুর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/এসকে /১৩৫৪ ঘ.
bdnews24