ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যারিস্টার সিগমা হুদা আদালতে বলেছেন, "আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন আমার সঙ্গে তিনটি বড় ধরনের মামলায় হারের প্রতিহিংসা থেকে আমাকে হেয় করার জন্য ঘুষের মামলা দিয়েছে।"
প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় মঙ্গলবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে নিজের সাফাই সাক্ষ্য দিতে গিয়ে সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ডেইলি স্টার ও প্রথম আলো তার বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছাপাচ্ছে।
সিগমা হুদা বলেন, "শুধু আইন উপদেষ্টাই নয়, মানবাধিকার নিয়ে মামলা সংক্রান্ত বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীও আমার ওপর ক্ষুব্ধ। বিদেশে আমার ভাবমূর্তি নষ্ট এবং দেশের মানুষের কাছে ছোট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে কয়েকটি মামলা দেওয়া হয়েছে।"
সাফাই সাক্ষ্য শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীর জেরার জবাবে তিনি বলেন, "দেশের অধিকাংশ পত্রিকাতেই হলুদ সাংবাদিক রয়েছেন। ডেইলি স্টার ও প্রথম আলো আমার বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছাপাচ্ছে।"
আইনজীবী এ সময় সিগমা হুদাকে বলেন, "আপনার খবর অন্তরালে পত্রিকা প্রকাশের উদ্দেশ্যই ছিল দেশের মহান সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করা।"
জবাবে সিগমা বলেন, "আমি একজন মানবাধিকার কর্মী। সাংবাদিকরা আমার বন্ধু, তাদের সঙ্গে আমার সম্পর্ক ভাল। সাংবাদিকদের দেওয়া তথ্যেই আমরা অনেক মানবিক কাজ করেছি।"
প্রথম আলোর বিরুদ্ধে তার অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে দৈনিকটির বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম আলোর বিরুদ্ধে সিগমা হুদার এই মন্তব্য সঠিক নয়। আমরা যে কোনো সংবাদ অভিযুক্তের বক্তব্য দিয়ে প্রকাশ করি। তবে কারাবন্দি বা অন্য কোনো কারণে অভিযুক্তের বক্তব্য দেওয়া সম্ভব না হলে সেটাও বলে দেওয়া হয়।"
অন্যদিকে অভিযোগ নিয়ে কথা বলতে চাইলে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদককে বলেন, "এই মুহুর্তে আমি একটি ফ্যামিলি গ্যাদারিং-এ আছি। তাই কোনো কথা বলতে পারছি না ।"
গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ এনে হুদা দম্পতির বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২২৪৬ ঘ.
bdnews24