২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার জামিনের বিরুদ্ধে আবেদনের শুনানি হবে পূর্ণাঙ্গ বেঞ্চে

শেখ হাসিনাকে জামিন দেওয়া এবং চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা আইনে না চলার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আবেদন বুধবার শুনবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দায়ের করা এ আবেদনটির আংশিক শুনানি হয় চেম্বার জজ আদালতে। বেলা ২টার দিকে শুনানি শেষে চেম্বার জজ মো. হাসান আমিন বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। অবশ্য চেম্বার জজ আদালত শেখ হাসিনার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 11:11 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে জামিন দেওয়া এবং চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা আইনে না চলার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আবেদন বুধবার শুনবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দায়ের করা এ আবেদনটির আংশিক শুনানি হয় চেম্বার জজ আদালতে। বেলা ২টার দিকে শুনানি শেষে চেম্বার জজ মো. হাসান আমিন বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। অবশ্য চেম্বার জজ আদালত শেখ হাসিনার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেনি। ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় আটক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার জামিনের নির্দেশ দেয় উচ্চ আদালত। এ ছাড়া চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে আদেশ দিয়ে আদালত এ বিষয়ে কারণ ব্যাখ্যা করতে সরকারকে দুই সপ্তাহের সময় বেঁধে দেয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সরকার মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে আপিল করে। বেলা পৌনে ২টার দিকে আপিল বিভাগের চেম্বার জজ মো. হাসান আমিন আদালতে আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, শেখ হাসিনার রিট আবেদনটির সঙ্গে জরুরি ক্ষমতা আইনের ব্যাখ্যা জড়িত। হাইকোর্ট জরুরি বিধিমালার কোনো ব্যাখ্যা না দিয়ে তাকে জামিন দিতে পারে না। একইসঙ্গে জরুরি ক্ষমতা আইনে এ মামলা না চালানোর জন্য সরকারকে নির্দেশ দেওয়া যেতে পারে না। জবাবে শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দু'সপ্তাহ সময় দিয়ে আদেশ জারি করেছে। এ সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিতে পারে সরকার। এ পর্যায়ে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করে সরকারের আবেদনটি বৃহস্পতিবার শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর কথা বলেন। এর জবাবে অ্যাটর্নি জেনারেল 'বিষয়টি জন গুরুত্বপূর্ণ' দাবি করে বুধবারই শুনানির আবেদন জানান। তিনি ওই সময় পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত রাখারও আবেদন করেন। আদালত অবশ্য কোনো স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য বুধবার দিন ধার্য করে দেন। অ্যাটর্নি জেনারেল এ পর্যায়ে রফিক উল হককে বলেন, চূড়ান্ত শুনানিতে আপনি প্রতিকার পাবেন না। এ মামলায় শেখ হাসিনা জামিন পেলেও তার কারামুক্তি হবে না। চেম্বার বিচারপতির আদালতে ১টা ৫৫ মিনিটে আবেদনের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চেম্বার জজের আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেননি। বুধবার সকালে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমআই/এসএনডি/জিএনএ/১৬৫৬ ঘ.