২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একক সিদ্ধান্ত গ্রহণকারীদের তওবা করে দলে থাকতে হবে: হান্নান শাহ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ বলেছেন, "সংস্কার নিয়ে এককভাবে সিদ্ধান্ত গ্রহণকারীদের সংশোধন হতে হবে। এটি না হলে তাদের দল থেকে বহিস্কারের প্রস্তাব করা হবে। "

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ বলেছেন, "সংস্কার নিয়ে এককভাবে সিদ্ধান্ত গ্রহণকারীদের সংশোধন হতে হবে। এটি না হলে তাদের দল থেকে বহিস্কারের প্রস্তাব করা হবে। " বহিস্কার প্রক্রিয়া আগামী কাউন্সিলের আগেই শেষ হবে উল্লেখ করে হান্নান শাহ বলেন, " যারা তওবার মাধ্যমে ভুল স্বীকার করবেন তারা দলে কাজ করতে পারবেন।'' রোববার সিলেটে হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির 'সংস্কারপন্থী'দের প্রস্তাবে ২০ ভাগ নেতাকর্র্মীরও সমর্থন নেই আবারও এই দাবি করে হান্নান শাহ বলেন, ''কাউন্সিলের মাধ্যমে দলে সংস্কার হবে। এ বিষয়ে চেয়ারপারসনের সিদ্ধান্তই চূড়ান্ত।'' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''আওয়ামী লীগ ও বিএনপি অতীতেও যুগপৎ আন্দোলন করেছে, ভবিষ্যতেও করতে পারে।'' রোববার দুপুরে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জেড এ খানের মন্তব্যের কড়া সমালোচনা করে হান্নান শাহ বলেন, ''তৃণমূল নেতাদের প্রশ্ন করলেই বুঝতে পারবেন হান্নান শাহকে তারা চেনেন কি-না। আমি হঠাৎ করে বিএনপির রাজনীতিতে আসিনি। যারা হঠাৎ করে দলে এসে মন্ত্রী-এমপি হয়েছেন, তারাই এখন উল্টাপাল্টা বলছেন।'' মান্নান ভূঁইয়ার সংস্কার প্রস্তাবের খসড়া পুস্তিকা তৃণমূল নেতাদের কাছে পাঠানোকে তিনি গঠনতন্ত্রের পরিপন্থী বলে আখ্যায়িত করেন। পরে হান্নান শাহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত সভা করেন। সেখানে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন সাবেক সাংসদ ইলিয়াস আলীর অনুসারী। সভায় হান্নান শাহ বলেন, ''তারেক রহমান গ্রেপ্তার ও কোকো আটক হওয়ার পর খালেদা জিয়ার মনোবল ভেঙে গিয়েছিল। কিন্তু এখন তিনি চাঙা আছেন।'' যুবদলের সাবেক সভাপতি কামাল আহমদ, যুবদলের বর্তমান সভাপতি এম এ মান্নান, সহ -সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, বিএনপি নেতা কামরুল হুদা জায়গীরদার, আবদুস সালাম বাচ্চু, মিসবাহুল কাদির ফাহিম, জেলা ছাত্রদলের সহ -সভাপতি আবদুল আহাদ খান জামাল প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। হান্নান শাহ দুই ছেলেকে নিয়ে সকাল ১১ টায় সড়ক পথে সিলেট আসেন। বিকেলে আবার ঢাকায় রওনা হন। তিনি হযরত শাহ জালাল (রহ.), হযরত শাহ পরান (রহ.) ও এম এ জি ওসমানীর মাজার জিয়ারত করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসএনডি/এসকে/ ২০৩২ ঘ.