২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর আলীর চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাসিনাকে

ব্যবসায়ী নূর আলীর দায়ের করা ৫ কোটি টাকার চাঁদাবাজি মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত কর্মকর্তা জানে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মহানগর মূখ্য হাকিম আদালতের হাকিম মো. মিজানুর রহমান এই মামলায় হাসিনাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 02:15 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নূর আলীর দায়ের করা ৫ কোটি টাকার চাঁদাবাজি মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত কর্মকর্তা জানে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মহানগর মূখ্য হাকিম আদালতের হাকিম মো. মিজানুর রহমান এই মামলায় হাসিনাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সভানেত্রীকে ১৪ আগস্ট আদালতে হাজির করা হবে। নূর আলী গত ১৩ জুন তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে নারায়ণগঞ্জের হরিপুর, চট্টগ্রামের শিকলবাহা ও খুলনায় তিনটি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিতে শেখ হাসিনা বাদির প্রতিষ্ঠান ফরচুন লিমিটেডের কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা নিয়েছেন। হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন ও তার স্ত্রী রূপা চৌধুরীকেও এই মামলায় আসামী করা হয়েছে। মামলার অভিযোগে বাদি নূর আলী দাবি করেছেন, তিনি নিজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর তৎকালীন সরকারি বাসভবন গণভবনে গিয়ে স্ট্যান্ডার্ড চাটার্ড ও আইএফআইসি ব্যাংকের ১২টি চেকে ৫ কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছেন। নূর আলীর ভাষ্যমতে, চেক দেওয়ার সময় ফরচুন লিমিটেডের চেয়ারম্যান ড. মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুর রউফ ও হিসাবরক্ষক খালেদও তার সঙ্গে ছিলেন। নূর আলী আরও অভিযোগ করেছেন, হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন বিদ্যুৎ কেন্দ্রের কাজ পেতে সহায়তা করার জন্য তার কাছে এক কোটি টাকা চাঁদা অথবা ওই দামের ফ্ল্যাট দাবি করেন। তিনি পরে বারিধারায় বোরাক রিয়েল এস্টেটে দুটি ফ্ল্যাট হেলালউদ্দিনের স্ত্রী রূপা চৌধুরীকে বুঝিয়ে দেন। ফ্ল্যাটদুটো রূপা চৌধুরী ভাড়া দিয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় সম্পূরক অভিযোগপত্র দেবে গুলশান থানা পুলিশ। গত ২৪ জুলাই এই মামলায় শেখ হাসিনা, শেখ রেহেনা ও শেখ সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। রোববার এই মামলায় শেখ সেলিমের ঘনিষ্ঠ বন্ধু হাফিজ আহম্মেদ খোকার জবানবন্দি নেওয়া হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এই মামলার তদন্ত কর্মকর্তা ওবায়দুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম এবিএম আব্দুল ফাত্তাহ ১৬৪ ধারায় খোকার জবানবন্দি রেকর্ড করেন। ওবায়দুল হক তার আবেদনে বলেন, শেখ সেলিম ব্যবসায়ী আজম জে চৌধুরীর কাছ থেকে তিন কোটি চাঁদার যে আটটি চেক গ্রহণ করেছিলেন তার মধ্যে ছয়টি চেক দুটি ব্যাংক থেকে ভাঙান শেখ সেলিমের ঘনিষ্ঠ বন্ধু হাফিজ আহম্মেদ খোকা। সুতরাং এই মামলায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া প্রয়োজন। ব্যবসায়ী খোকাকে তার পান্থপথের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওবায়দুল হক জানান, খোকার জবানবন্দিসহ জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই মামলায় একটি সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। খোকা চেক ভাঙানোর সময় যে স্বাক্ষর করেছিলেন পরীক্ষা করার জন্য তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হস্তলিপি বিশারদের কাছে পাঠানো হবে। ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী গত ১৩ জুন গুলশান থানায় শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিমকে আসামি করে চাঁদাবাজির অভিযোগে এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম বাদির কাছ থেকে কয়েক দফায় মোট ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/জেকে/এসকে/ ২১১২ ঘ.