ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্টের আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করে দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। সেইসঙ্গে অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন তিনি।
রোববার দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের কাছে তিনি এই দাবির কথা জানান।
এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জিল্লুর রহমানের বাসায় বৈঠক করেন আওয়ামী লীগ নেতারা। এই বৈঠকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দলীয় কর্মসূচির বিষয়ে আলোচনা হয়।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আতাউর রহমান, ওমর খান কায়ছার, মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও মাহমুদুর রহমান মান্না এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোস্তফা জালাল মহিউদ্দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, ১৫ আগস্টে আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। ওই দিন ভোরে বঙ্গবন্ধু ভবনসহ দেশের সব জায়গায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি কালো পতাকাও তোলা হবে। সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হবে এবং সাড়ে ৮টায় বনানী গোরস্থানে '৭৫ এর ১৫ আগস্টে নিহতদের কবরে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া বাদ জোহর দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ, বাদ আসর বঙ্গবন্ধু ভবনে মিলাদ-মাহফিল এবং পরদিন ১৬ আগস্ট বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "দুএকদিনের মধ্যে সরকারের কাছে এ ব্যাপারে আবদেন জানানো হবে। অনুমতি পেলেই কর্মসূচি পালিত হবে।"
"আমরা আশা করবো সরকারি ছুটি ঘোষণা করে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করবে সরকার।"
শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইনের বাইরে কিছুই করিনি। আশা করি আদালতে সুবিচার পাবো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এএল/এসকে/জেকে/এমএইচবি/১৯১৩ ঘ.
bdnews24