ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে নিজের নামের হিসাবগুলোর তালিকা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরকে চিঠি দিয়েছেন শেখ হাসিনা।
শুক্রবার বিকেলে সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগারে হাসিনার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাডভোকেট আনিসুল হক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হাসিনার চিঠি দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "বাণিজ্যিক ব্যাংকগুলোতে শেখ হাসিনার অ্যাকাউন্ট থাকার বিষয়টি ব্যাংকের জন্য অনেকটা গৌরবের বিষয় ছিল। এ কারণে বিভিন্ন ব্যাংকে শেখ হাসিনার অ্যাকাউন্ট রয়েছে। নেত্রী মূলত ওইসব হিসাব খোলার তারিখ, খোলার সময়কাল স্থিতি ও বর্তমান স্থিতি জানতে চেয়েছেন। এছাড়া তার বাসা থেকে তাকে গ্রেফতারের দিন কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। এ কারণে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাহায্য চেয়েছেন।"
তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংক গভর্নরের জবাব না পাওয়া পর্যন্ত শেখ হাসিনার পক্ষে দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে।"
দুর্নীতি দমন কমিশনের দেওয়া সময়সীমার মধ্যে যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে চিঠির জবাব না পান তাহলে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে অনুরোধ করা হয়েছে। আমরা তাকে কোনও বাধ্যবাধকতার মধ্যে ফেলতে চাই না। তিনি নিশ্চয়ই জানেন যে দুর্নীতি দমন কমিশন সাতদিন সময় দিয়েছে।"
আইনজীবী আনিসুল হক আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে কথা বলতে দুপুর ২ টা ৫০ মিনিট থেকে ৪টা পর্যন্ত বিশেষ কারাগারে অবস্থান করেন। তিনি বলেন, "শেখ হাসিনা তার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে আবারও শঙ্কা প্রকাশ করেছেন। তিনি আমাকে বলেছেন, যদি ন্যায় ও সুষ্ঠু বিচার হয় তবে তিনি অবশ্যই নির্দোষ প্রমাণিত হবেন। তার বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।"
তিনি বলেন, "শেখ হাসিনা আমাকে জানিয়েছেন তিনি জেলে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এখন তার কোনও খাবারের কষ্ট হচ্ছে না।"
২০ জুলাই আব্দুল মতিন খসরু আওয়ামী লীগ প্রধানের সঙ্গে দেখা করে তাকে যে কয়েকটি ওকালতনামা দিয়েছিলেন তা এখনো আমাদের ফেরত দেওয়া হয়নি জানিয়ে আনিসুল হক বলেন, বৃহস্পতিবারও একটি নতুন রিট ওকালতনামা দেওয়া হয়েছে, সেটাও আমারা পাইনি।
তিনি বলেন, তবে উপ-কারা মহাপরিদর্শক আমাদের আশ্বাস দিয়েছেন শনিবার সকালের মধ্যেই ওকালতনামা আমাদের হাতে দেওয়া হবে। ওটা শনিবারের মধ্যে না পেলে আমরা রোববার সুপ্রিম কোর্টে আপিল করতে পারব না। রোববার করতে না পারলে আমাদের রিট আবেদন করতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এ ছাড়া তার মামলা সংক্রান্ত নথিপত্র যেমন ১৬৪ ধারার জবানবন্দি, এজাহারের কপি এখানো আমাদের দেওয়া হয়নি।"
এ প্রসঙ্গে ব্যারিষ্টার ফজলে নুর তাপস বলেন, "আমরা যাতে রিট আবেদন না করতে পারি, সে জন্যই ওকালতনামা নিয়ে টালবাহানা করা হচ্ছে।"
আনিসুল হক জানান, "গ্রেপ্তারের দিন শেখ হাসিনা পায়ে ব্যথা পেয়েছিলেন। সেটা এখনও রয়েছে। পায়ের ব্যাথার চিকিৎসার জন্য রোববার চিকিৎসক তার সঙ্গে দেখা করবেন।"
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে শেখ হাসিনার মুক্তি কামনা করে বিশেষ কারাগারের সামনে মটর চালক লীগ নামে একটি সংগঠনের ৪০/৫০জন নেতা-কর্মী দোয়া দরুদ পড়েন। সংগঠনের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক আলাউদ্দীন রানা এ সময়ে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/পিসি/এসি/এমএইচবি/১৮৫১ ঘ.
bdnews24