২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মুহূর্তে বিএনপির সঙ্গে যৌথ আন্দোলন নয়: জিল্লুর

শেখ হাসিনার মুক্তির জন্য যে কোনো আন্দোলনকে স্বাগত জানাবে আওয়ামী লীগ। তবে, এ মুহূর্তে বিএনপি'র সঙ্গে কোনো যৌথ আন্দোলন গড়ে তোলার সম্ভাবনা নেই দলটির। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান রোববার বিকেলে তার গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। শেখ হাসিনার মুক্তির দাবিতে ছাত্রদের কর্মসূচী এবং শেখ হাসিনার মুক্তির দাবি ও খালেদা জিয়ার বিরুদ্ধে "হয়রানি" বন্ধের প্রতিবাদে শিক্ষকদের কর্মসূচীকে স্বাগত জানিয়ে জিল্লুর রহমান বলেছেন,"এ মুহুর্তে আমরা আইনী লড়াইয়ের মধ্যে রয়েছি। এর মাধ্যমে শেখ হাসিনার মুক্তি হলে আর আন্দোলনের দরকার হবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, ২২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনার মুক্তির জন্য যে কোনো আন্দোলনকে স্বাগত জানাবে আওয়ামী লীগ। তবে, এ মুহূর্তে বিএনপি'র সঙ্গে কোনো যৌথ আন্দোলন গড়ে তোলার সম্ভাবনা নেই দলটির। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান রোববার বিকেলে তার গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। শেখ হাসিনার মুক্তির দাবিতে ছাত্রদের কর্মসূচী এবং শেখ হাসিনার মুক্তির দাবি ও খালেদা জিয়ার বিরুদ্ধে "হয়রানি" বন্ধের প্রতিবাদে শিক্ষকদের কর্মসূচীকে স্বাগত জানিয়ে জিল্লুর রহমান বলেছেন,"এ মুহুর্তে আমরা আইনী লড়াইয়ের মধ্যে রয়েছি। এর মাধ্যমে শেখ হাসিনার মুক্তি হলে আর আন্দোলনের দরকার হবে না।" জিল্লুর জানান, রোববারের মধ্যেই শেখ হাসিনার মামলা চালানোর জন্য একটি স্টিয়ারিং কমিটি এবং একটি লিগ্যাল এইড কমিটি গঠন করা হবে। ১০১ সদস্যবিশিষ্ট লিগ্যাল এইড কমিটি হতে পারে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনের শুরুতে জিল্লুর রহমান ভারতের রাষ্ট্রপতি হওয়ায় প্রতিভা পাতিলকে অভিনন্দন জানান। নতুন রাজনৈতিক দল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) আত্মপ্রকাশ প্রসঙ্গে তিনি দৃশ্যত উষ্মাপ্রকাশ করে বলেন,"একটা কেন দশটা রাজনৈতিক দল হোক! যেখানে জরুরী অবস্থার কারণে আমরা কোনো দলীয় মিটিং করতে পারছি না সেখানে একটা নতুন দলের আত্মপ্রকাশ ঘটলো।" একই দেশের একই আইন বিভিন্নভাবে প্রয়োগ হওয়া উচিত নয় মন্তব্য করে জিল্লুর রহমান প্রশ্ন তোলেন, "যেখানে নতুন দল হচ্ছে সেখানে ঘরোয়া রাজনীতি বন্ধ থেকে লাভ কি ?" শেখ হাসিনার আত্মীয়-স্বজনদের তার সঙ্গে দেখা করতে না দেওয়ায় দুঃখ প্রকাশ করে জিল্লুর রহমান বলেন,"এটা বেদনাদায়ক। আশা করবো সরকার আত্মীয়-স্বজনদেরকে তার সঙ্গে দেখা করতে দেবে।" এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন,"জয় আইনজীবী নিয়ে দেশে আসতে চেয়েছিলো। কিন্তু, আমরা নিষেধ করেছি।" তিনি জানান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার পর তার সঙ্গে কোনো উপদেষ্টা ও কূটনীতিকের যোগাযোগ হয়নি। জিল্লুর রহমান অভিযোগ করেন দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে এবং তল্লাশীর নামে নেতা-কর্মীদের হয়রানী করা হচ্ছে। জিল্লুর অবিলম্বে তা বন্ধ ও রাজনৈতিক কারণে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে এসময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া ও কর্ণেল (অব.) শওকত আলী। সন্ধ্যায় দলের সভাপতিমন্ডলীর সদস্য অসুস্থ তোফায়েল আহমেদকে দেখতে শিকদার হাসপাতালে যান জিল্লুর রহমান। বিডিনিইজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে ১৮৫০ ঘ.