ঢাকা, জুলাই ১৮ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'বেগম খালেদা জিয়ার' দাবি করে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে মুক্ত রেখে তার বিরুদ্ধে মামলা পরিচালনার আইনগত সুযোগ থাকলে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। একই সঙ্গে বলা হয়েছে, হাসিনার গ্রেপ্তার প্রক্রিয়ায় ও আদালতে আনা-নেওয়ার সময়ে তাঁর মর্যাদাহানি হওয়ায় খালেদা জিয়া মর্মাহত হয়েছেন।
বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কারাবন্দি হওয়া নিয়ে এভাবেই তার অনুভূতি ও দুঃখবোধ তুলে ধরেছেন। তিনি এটাও বলেছেন, 'জরুরি অবস্থা অনাকাঙ্খিত হলেও যে পরিস্থিতির কারণে তা অনিবার্য হয়ে উছেঠিল, দেশবাসী সেই অশান্তি ও বিশৃঙ্খলার পূনরাবৃত্তি চায় না।'
বিএনপির প্যাডে সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত 'বেগম খালেদা জিয়ার বিবৃতি'টি বুধবার রাতে দৈনিক দিনকাল পত্রিকার ফ্যাক্স নম্বর থেকে গণমাধ্যম কার্যালয়গুলোতে পাঠানো হয়। তবে বিবৃতির বক্তব্য খালেদা জিয়ার নিজস্ব কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
খালেদা জিয়া বলেন, ''হাসিনাকে মুক্ত রেখে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা পরিচালনায় কোনো আইনসঙ্গত সুযোগ থাকলে আমি তাঁকে অনতিবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানাচ্ছি। এতে পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ এবং সামাজিক উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা কমে আসবে।''
শেখ হাসিনার গ্রেপ্তার ও আদালতে আনা-নেওয়ার সময়ে প্রশাসন তাঁর মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে খালেদা জিয়া বলেছেন, ''একটি দলের প্রধান, একজন জাতীয় নেতার কন্যা, সাবেক একজন প্রধানমন্ত্রী, একজন প্রবীণ নারী, সর্বোপরি দেশের একজন সম্মানিত নাগরিক হিসেবে আদালত প্রাঙ্গণে তাঁকে যে ধরনের অসম্মানজনক ও অশোভন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। এতে বিবেকবান নাগরিকদের অনুভূতি আহত হয়েছে। দেশে-বিদেশে ক্ষুন্ন হয়েছে সরকারের ভাবমর্যাদা।''
তিনি মনে করেন, সরকার আরও সর্তক ও সচেতন থাকলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
খালেদা জিয়া আরও বলেন, '' শেখ হাসিনাকে গ্রেপ্তার না করে কিংবা তাঁর জামিনের আবেদনে সরকার পক্ষ থেকে বিরোধিতা না করে অর্থাৎ তাঁকে জেলে না পাঠিয়ে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করলেই ভালো হতো।''
তবে দীর্ঘ বিবৃতিতে খালেদা জিয়া একইসঙ্গে শেখ হাসিনার অতীত-আচরণের সমালোচনা করে বলেন, ''শেখ হাসিনা বিভিন্ন সময়ে আমাদের সরকার ও দলের সমালোচনার গণ্ডি পেরিয়ে আমাদের পরিবার এবং ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধেও নানা রকম অযৌক্তিক, অরাজনৈতিক ও অসৌজন্যমূলক উক্তি করেছেন। তাতে আমি যেমন কষ্ট পেয়েছি ঠিক একই রকম দুঃখবোধ করছি তাঁকে অনাকাঙ্খিত আচরণের শিকার হতে দেখে। মানুষ হিসেবে আমরা কেউই ভুলভ্রান্তি ও ক্রটিবিচ্যুতির ঊর্ধ্বে নই।''
তিনি 'অভিযুক্ত মাত্রই অপরাধী নয়, সকল অভিযুক্ত যাতে সন্দেহাতীতভাবে ন্যায়বিচার পায় এবং তাদের মানবাধিকার পুরোপুরি বজায় থাকে'--এ বিষয়গুলো নজর রাখার আহ্বানও জানিয়েছেন।
বিবৃতিতে সাবেক এই প্রধানমন্ত্রী শাসনকালে ভুলক্রটি হওয়ার সম্ভাবনা হওয়ার কথা স্বীকার করে বলেন, '' সমস্যা জর্জরিত একটি দেশে যিনি যতবড় দায়িত্ব পালন করেন, তার ততো বেশি ভুলক্রটির সম্ভাবনা থাকে। আমরা কেউই আইনের উর্ধ্বে নই। তবে এদেশে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পাশাপাশি রাজনীতিকদের সাফল্যকেও খাটো করে দেখা উচিত নয়।''
"জরুরি অবস্থা অনাকাঙ্খিত হলেও যে পরিস্থিতির কারণে তা অনিবার্য হয়ে উছেঠিল, দেশবাসী সেই অশান্তি ও বিশৃঙ্খলার পূনরাবৃত্তি চায় না।"
bdnews24