২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলা নিয়ে তাড়া নেই দুদকের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার ব্যাপারে তড়িঘড়ি করে কিছু করবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার ব্যাপারে তড়িঘড়ি করে কিছু করবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন সচিব মোখলেস উর রহমান সোমবার কমিশনের সেগুনবাগিচার কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, শেখ হাসিনা কমিশনের কোনো মামলায় গ্রেপ্তার হননি। তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কমিশনের (বিলুপ্ত ব্যুরোর) মামলা রয়েছে। অবশ্য এসব মামলার ব্যাপারে তড়িঘড়ি করে কিছু করা হবে না। পুরোনো মামলার ব্যাপারে অন্য সবার ক্ষেত্রে যেভাবে পদক্ষেপ নেওয়া হবে, তার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। মোখলেস উর রহমান বলেন, কমিশনের কাছে কারো পদ বা পদবি মুখ্য নয়, বিবেচনার বিষয় হচ্ছে তার দুর্নীতি। আইন এক্ষেত্রে নিজস্ব গতিতেই চলবে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ছেলে তানভীর উল ইসলাম জয়ের সম্পত্তির হিসাব সোমবার কমিশনে জমা দেওয়া হয়েছে। জয়ের পক্ষে তার আইনজীবী সম্পত্তির হিসাব বিবরণী কমিশনে জমা দেন। কমিশনের সচিব মোখলেস উর রহমান এ হিসাব জমা নেন। তবে জয়ের সম্পত্তির পরিমান তিনি জানাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৯১৯ ঘ.