ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনার মুক্তির দাবিতে আদালতের সামনে প্রথম বিক্ষোভ হয়েছে। পুরনো ঢাকার তাঁতীবাজার এলাকায় মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে জেলখানায় নিয়ে যাওয়ার সময় হাসিনাকে বহনকারী গাড়ি আটকে দেন নেতাকর্মীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
শেখ হাসিনাকে গ্রেপ্তার করে সকাল সাতটা ৪৯ মিনিটে মূখ্য মহানগর হাকিমের আদালতে নেওয়ার খবর শুনে উৎসুক জনতা সেখানে ভিড় করতে থাকে। একটু পরেই বেশ কয়েকজন আইনজীবী আদালতে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে আইনজীবীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে। পৌনে ৯টায় সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ ফটক আটকে দেয়। এ সময় খসরু চিৎকার করে বলেন, "কোর্টের দরজা খোলেন না কেন। কারো শক্তি নাই কোর্টের দরজা বন্ধ করে রাখে। মনে রাখবেন, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়।"
পরে অ্যাডভোকেট সাহারা খাতুনসহ আরো কয়েকজন আইনজীবী এসে ফটক খুলে দেওয়ার জন্য চিৎকার করলে এক পর্যায়ে পুলিশ তাদের ভেতরে যেতে দেয়।
শেখ হাসিনা আদালতে
bdnews24