ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার গ্রেপ্তারের ব্যাপারে বিএনপি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সোমবার সোয়া ১২টায় দলের যুগ্ম-মহাসচিব আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, "বিষয়টি সম্পর্কে আমরা এখনো পুরোপুরি কিছু জানি না। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী ছিলেন। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তা সরকারই ভালো বলতে পারবে।"
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসায় সাক্ষাৎ শেষে আশরাফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। তবে শেখ হাসিনার গ্রেপ্তার প্রসঙ্গে মান্নান ভুূঁইয়া কিছু বলেননি।
আওয়ামী লীগ সভানেত্রী গ্রেপ্তার হওয়ায় প্রতিক্রিয়া জানতে চাইলে আশরাফ হোসেন খানিকটা ইতস্তত করে বললেন, "আমি কিছুই জানি না। নো কমেন্ট। এটি বিচারাধীন বিষয়। আমি মন্তব্য করতে চাই না। "
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে এজন্য তাদের স্বাগত জানাই। এ ঘোষণার মাধ্যমে নির্বাচন সম্পর্কে অনিশ্চয়তা দূর হলো। দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করতে চাই।"
বিএনপি মহাসচিবের সঙ্গে এদিন বরিশাল, পাবনা, দিনাজপুর জেলার নেতা ও সাবেক সাংসদরা দেখা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচএস/আরএ/এসি/১৪২৮ ঘ.
bdnews24