ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করছে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আগামী ২২ জুলাইয়ের মধ্যে এই প্রস্তাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
রোববার মগবাজার ডাক্তার গলিতে এলডিপির অঙ্গসংগঠনের কার্যালয়ে সিলেট ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে দলের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব আব্দুল মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, "রাজনৈতিক দলে সংস্কারের পাশাপাশি নির্বাচনী পদ্ধতি ও নির্বাচন কমিশনেও সংস্কার করতে হবে। নির্বাচনী আচরণবিধিতে পরিবর্তন আনতে হবে। তবে ব্যক্তি বিশেষকে সরানোর জন্য কোনো সংস্কার ঠিক হবে না।"
সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি আরও বলেন, "ব্যবসা করার জন্য তো সাংসদ বানানো হয়নি। বিরোধী দলের সাংসদরা সংসদে কথা বলার সুযোগ পান না। এজন্য স্পিকারের ক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি স্পিকার হওয়ার পর তাকে দলীয় পদ ছাড়তে হবে।"
জাতীয় সংসদে বিশ শতাংশ নারী আসন এবং সাংবাদিক, শিক্ষক ও চিকিৎসকসহ মেধাবীদের জন্য একশ আসন সংরক্ষণেরও প্রস্তাব দেন বদরুদ্দোজা চৌধুরী।
আগামী নির্বাচনের সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে এলডিপির সমঝোতার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এটা অনেক পরের বিষয়। পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
ঘরোয়া রাজনীতির নিষিদ্ধ থাকার মধ্যে এ ধরনের সভার বৈধতা সম্পর্কে তিনি বলেন, "এটি রাজনৈতিক কর্মকাণ্ড নয়, আমরা কেবল মতবিনিময় করছি।"
মহাসচিব আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, "২০ জুলাই দলের সর্বশেষ বিভাগীয় মতবিনিময় সভা হবে। এরপর বিভাগীয় পর্যায় থেকে আসা দাবি বা প্রস্তাব সমন্বয় করে ২২ জুলাই তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।"
পরে সাবেক সাংসদ মাহী বি চৌধুরী দলীয় কার্যালয় নিয়ে অলি আহমদের সঙ্গে বিরোধের ব্যাখা দেন।
তিনি বলেন, "মগবাজারের দলীয় কার্যালয় ভাড়া নেওয়ার চুক্তিপত্র অলির নামে করা হলেও দলের মনোয়নপত্র বিক্রির ১৫ লাখ টাকা দিয়ে ওই বাড়ি ভাড়া মেটানো ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে।"
মাহী আরও বলেন, "দলীয় কার্যালয় নিয়ে আমরা দখলের রাজনীতি করব না। কিন্তু দলীয় তহবিলের টাকা তার (অলি) ফেরত দেওয়া উচিত।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/
bdnews24