ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলাচলে সরকারের নিয়ন্ত্রণ আরোপের মধ্যেও শেখ হাসিনা প্রতিদিনই বের হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী।
শনিবার ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে। তিনি বলেছেন, দেশটাতো কারও কেনা নয়। তিনি প্রতিদিনই হাঁটবেন।"
শেখ হাসিনা এখন থেকে প্রতিদিনই বঙ্গবন্ধু জাদুঘরে বসবেন এবং এর কর্মকাণ্ড তদারকিসহ জাদুঘরের যাবতীয় হিসাব-নিকাশ পরীক্ষা করবেন বলে সাজেদা জানান।
দ্রুত নির্বাচন দেওয়ার জন্যও তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য।
সাজেদা চৌধুরী বলেন, "বর্তমান সরকার জাতিকে রক্ষার জন্য এসেছে। তাই গণতন্ত্রকে স্থায়ীভাবে প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।"
নৌ-বাহিনীর একটি ফ্রিগেড রি-কমিশনিং প্রসঙ্গে তিনি বলেন, "এটা এক ছেলের তিন বার আকিকা করার মতো হলো। শেখ হাসিনা নতুন ফ্রিগেড কিনে বঙ্গবন্ধুর নামে কমিশনিং করেছিলেন। খালেদা জিয়া ক্ষমতায় এসে সেখান থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়েছিলেন। আর বর্তমান প্রধান উপদেষ্টা সেটিই খালেদ বিন ওয়ালিদের নামে রি-কমিশনিং করছেন।"
সাজেদা প্রশ্ন রাখেন, এ সরকার ক্ষমতায় এসে ইতিহাস বিকৃতি করা যাবে না বলেছিল। তবে এটা কি ইতিহাসের বিকৃতির মধ্যে পড়ে না?
তিনি বলেন, সরকার কিছু কিছু ভালো কাজ করেছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। এদিকে সরকারের কোনও দৃষ্টি নেই। মানুষ কিভাবে বাঁচবে, এটা তাদেরই চিন্তা করতে হবে।
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাজেদা চৌধুরী। তার অভিযোগ, সরকার এ রায় কার্যকর করতে কোনও পদক্ষেপ নিচ্ছে না।
সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হিসেবে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সাজেদা চৌধুরী বলেন, "কাউকে কাউকে আটকে রেখে চাপের মুখে জবানবন্দি নিয়ে আমার গায়ে কালিমা লেপনের চেষ্টা চলছে। লাগাক না, এর আগেও আমার গায়ে এমন কালি লাগানোর চেষ্টা হয়েছে। কিন্তু এতে তারা সফল হবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/এমআই/১৫৩৬ ঘ.
bdnews24