কুমিল্লা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী, এলডিপি নেতা কারাবন্দী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার কুমিল্লা ৫নং আমলি আদালতে দুই ব্যক্তি বাদী হয়ে চাঁদাবাজি এবং জমি দখলের অভিযোগে পৃথক মামলা দুটি করেন।
ম্যাজিস্ট্রেট সেলিনা পারভেজ মামলা দুটি আমলে নিয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দুই মামলায় রেদোয়ান আহমেদের স্ত্রী মমতাজ আহমেদ, ছেলে সুলতান নঈম আহমেদ, চান্দিনা পৌরসভার চেয়ারম্যান আবদুল মান্নান সরকারকে আসামী করা হয়েছে।
জমি দখলের মামলাটি করেছেন চান্দিনা উপজেলার মহারং গ্রামের জাহাঙ্গীর আলী মুন্সি। এতে আসামী করা হয় আট জনকে।
এজাহারে অভিযোগ করা হয়, ২০০৩ সালের ২ অক্টোবর রেদোয়ান আহমদের নির্দেশে অপর আসামীরা চান্দিনা উপজেলার বেলাশ্বর মৌজায় বাদীর ২৩ শতাংশ জমি দখল করে নেয়। পরে একই বছরের ১০ নভেম্বর বাদীকে রেদোয়ান আহমেদের বাড়িতে ডেকে নিয়ে জোর করে জমি বিক্রির দলিলে বাদীর সই নেওয়া হয়।
একই আদালতে চাঁদাবাজির মামলাটি করেন চান্দিনা সদরের পূবালী ট্রেডার্সের মালিক মালিক মোসলেম উদ্দিন। এতে আসামী করা হয় ১১ জনকে।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৪ সালের ৫ জুন বাদীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন রেদোয়ান আহমেদ। টাকা দিতে অস্বীকার করায় রেদোয়ানের নির্দেশে বাদীর দোকান থেকে ৫ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকার রড সিমেন্ট নিয়ে যায় অপর আসামীরা। পরবর্তীকালে ওই মালামালের দাম দাম হিসেব করে ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে বাকি টাকা চাঁদা হিসাবে কেটে নেয়।
এর আগে গত ১ জুলাই ও ২৮ জুন রেদোয়ান আহমেদের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা হয়েছে।
গত ২৬ জুন রাতে ঢাকার গুলশান থেকে রেদোয়ান আহমেদকে আটক করে যৌথবাহিনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৩ ঘ.
bdnews24