২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিল ও সাকা চৌধুরীকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হতে পারে

কারাবন্দী অসুস্থ রাজনীতিক আব্দুল জলিল ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আইনগত দিকটি খতিয়ে দেখতে স্বরাষ্ট্র সচিবকে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কারাবন্দী অসুস্থ রাজনীতিক আব্দুল জলিল ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আইনগত দিকটি খতিয়ে দেখতে স্বরাষ্ট্র সচিবকে বলা হয়েছে। বৃস্পতিবার বিকেলে উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। উপদেষ্টার বক্তব্যের পর বিকেলে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সালাউদ্দিন কাদের চৌধুরীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ব্যাপারে একটি চিঠি পেয়েছি। পাঠানো যাবে কিনা তার আইনগত দিকটা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষা করিছ। তবে আবদুল জলিলের পক্ষ থেকে এ ধরনের কোনো চিঠি আমাদের হাতে এসে পৌছেনি।'' সালাউদ্দিন কাদের চৌধুরী বারডেম কার্ডিয়াক সেন্টারের করোনারী কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তাঁর দুই ছেলে ফজলুল কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী ও মেয়ে ফারজিন কাদের চৌধুরী বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে তাদের বাবাকে বাঁচাতে চিকিৎসার জন্য জরুরীভাবে সিঙ্গাপুরে পাঠানোর আবেদন করেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী গত ৩ মার্চ যৌথ বাহিনীর হাতে আটকের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও পরবর্তীতে বারডেম কার্ডিয়াক সেন্টারে দুইবার হৃদরোগে আক্রান্ত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কে এম এইচ এস সিরাজুল ইসলামের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড সালাউদ্দিন কাদের চৌধুরীর বাইপাস সার্জারির জন্য জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে প্রেরনের সুপারিশ করেছেন। এদিকে আব্দুল জলিল প্রধান উপদেষ্টার কাছে এক পত্রে সুস্থভাবে বেঁচে থাকতে মুক্তির আবেদন করেছেন। পত্রে তিনি বলেছেন, '' আমি হৃদরোগ, কিডনি সমস্যা, মূত্র থলি সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক বিভিন্ন রোগে আক্রান্ত।'' ২৮ মে যৌথবাহিনী তাকে আটকের পর কয়েকদিন রিমান্ড শেষে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হলে সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এসএম/আরএ/জিএনএ/১৭৫০ ঘ.