ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সচিবালয় ভেঙে দিয়ে রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
একইসঙ্গে সভানেত্রীর একক সিদ্ধান্তে দল পরিচালনার রীতির অবসান ঘটানোর পক্ষে জোরালো সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ''শীর্ষ নেতৃত্বকে জবাবদিহিতার ঊর্ধ্বে না রেখে তাদের দলীয় নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে।''
বুধবার বিকেলে ধানমণ্ডির জিগাতলার বাসায় সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের সংস্কার প্রসঙ্গে নিজের প্রস্তাবে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত জানান, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের ঘোষিত সংস্কার প্রস্তাবের সঙ্গে তিনি একমত।
রাজ্জাক ও তোফায়েল এরইমধ্যে দলের সংস্কার প্রসঙ্গে নিজেদের প্রস্তাবগুলো আলাদাভাবে প্রকাশ করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে তিন দফা প্রস্তাব পেশ করেন।
তিনি বলেন, ''রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে না রেখে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা যেতে পারে। রাষ্ট্রপতি মন্ত্রিসভার মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্রের বদলে, তাকে 'ফার্স্ট এমং দ্যা ইক্যুয়াল' রেখে রাষ্ট্রপরিচালনা করতে হবে। রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার আদলে প্রধানমন্ত্রীর সচিবালয় ভেঙে দিতে হবে। মন্ত্রিসভা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবে। কোনো সাংবিধানিক নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির দ্বিমত থাকলে তা তিনি প্রধানমন্ত্রীর কাছে ফেরত পাঠাতে পারবেন। রাষ্ট্রীয় ও আর্ন্তজাতিক বিষয়গুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে হবে এবং তার মতামত গুরুত্ব দিতে হবে।
অবিলম্বে ন্যায়পাল নিয়োগের প্রস্তাব করে সাবেক এই সাংসদ বলেন, ''ন্যায়পাল না থাকায় রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণ বিলম্বিত হয়েছে। বির্তকিত নন এমন একজনকে রাষ্ট্রের এই পদে নিয়োগ দিতে হবে।''
এছাড়া সংসদকে কার্যকর করতে নিরপেক্ষ স্পিকার নির্বাচন, সংসদের প্রথম অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠন, কমিটির সভাপতি পদগুলো সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বণ্টন, অবিরাম সংসদ অধিবেশন চালু রাখা, 'স্বাধীন হুইপিং' এর আওতায় সংসদ সদস্যদের আলোচনার সুযোগ দেওয়া ও ভোট ছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োগ বন্ধ রাখার প্রস্তাব দেন তিনি।
আওয়ামী লীগের সংস্কারের বিষয়েও বেশ কিছু প্রস্তাব রেখেছেন সুরঞ্জিত। দলের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, ''কর্তৃত্ব ও আধিপত্যবাদী একক নেতৃত্ব গণতন্ত্রে অচল। বরং যৌথ নেতৃত্বই দলের নেতানেত্রীদের ভাবমূর্তি উজ্জ্বল ও মহিমান্বিত করবে।"
তিনি আরো বলেন, "সংস্কারের অর্থ বিভাজন নয়। আরো শক্তিশালী সুসংহত ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তোলার জন্যই সংস্কার প্রয়োজন। নেত্রীর অবস্থান তার পদের মধ্যে নয় বরং তার নিজস্ব মহিমায় মহানুভবতা, সরলতা, দেশপ্রেম আর উদারতায় অমলিন থাকবে।"
'আধুনিক আওয়ামী লীগ গঠনের স্বার্থে' জেলা-উপজেলা ভিত্তিক কাঠামোয় পরিবর্তন আনার প্রস্তাব করেছেন তিনি। এই প্রস্তাবে উপজেলা ও পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়টি দলের পৌর কাউন্সিলের ওপর ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ''দেশ বদলে গেছে, কেন্দ্র থেকে মনোনয়ন দিয়ে দিলাম, তা হবে না। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।''
রাজনৈতিক দলের নিবন্ধীকরণের পক্ষে যুক্তি দেখিয়ে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, "বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে আইনের সংস্কার করে রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র চর্চা নিরঙ্কুশ ও নিষ্কলুষ করতে হবে।"
রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, "তথাকথিত প্লাস মাইনাস থিওরি নয়, মাইনাসে মাইনাসে প্লাসও নয়, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাজনীতির পথেই জাতির মুক্তি আসতে পারে।"
১১ জানুয়ারির পট পরিবর্তন সময়ের দাবি ছিল বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/১৯৪৭ ঘ.
bdnews24