২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক আইনে মওদুদের মামলাটির কার্যক্রম ৯ জুলাই পর্যন্ত স্থগিত

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলাটির কার্যক্রম আগামী ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখার মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলাটির কার্যক্রম আগামী ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখার মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলাটি খারিজ করতে মওদুদ আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে মো. আনোয়ারুল হক ও এএফএম আবদুর রহমানের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ জারি করে ৯ জুলাই আবেদনের ওপর শুনানির নতুন দিন ধার্য করেছেন। ১৪ এপ্রিল মওদুদকে তার বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। একই দিন পুলিশ নয় বোতল বিদেশি মদ রাখার দায়ে মওদুদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে। ১৮ জুন ঢাকা মহানগর সেশন জজ আদালতে মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামির পক্ষে ব্যারিস্টার রফিকুল হক এবং কিউসি আজমালুল হোসেন মামলাটি খারিজ করার আবেদন করেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ওই আবেদনের বিরোধিতা করেন। মওদুদের আইনজীবীরা আবেদনে বলেন, বিচার আদালতে মওদুদের বিরুদ্ধে মদ বিক্রির অভিযোগে জরুরি ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে কিন্তু মামলার প্রাথমিক এজাহারে (এফআইআর), অভিযোগপত্র বা অন্য কোনো নথিতে ওই ধরনের কোনো অভিযোগের উল্লেখ নেই। সুতরাং এটা মিথ্যা অভিযোগ। মওদুদের আইনজীবীদের যুক্তির জবাবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, মওদুদের বিরুদ্ধে মদ বিক্রির অভিযোগ করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধ মদ রাখর অভিযোগও রয়েছে যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুসারে একটি অপরাধ। মওদুদের আইনজীবীরা বলেন, অভিযোগ গঠন করা হয়নি এমন অন্য মামলায় কাউকেই শাস্তি দেওয়া যায় না। শুনানির এই পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবেদনের ওপর শুনানি মুলতবি করার আবেদন করেন। অন্যদিকে মওদুদের আইনজীবীরা বিচার আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত করার আবেদন জানান। বিচারকরা আগামী সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন এবং একই দিন পর্যন্ত নিু আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত করতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এমএইচবি/২০৫৮ ঘ.