২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদরুদ্দোজা চৌধুরী ১৫ দিনের মধ্যে এলডিপির সংস্কার প্রস্তাব দেবেন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সংস্কার প্রস্তাব আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 04:49 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সংস্কার প্রস্তাব আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী। রোববার বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর কেসি মেমোরিয়াল ক্লিনিকে রাজনৈতিক সংস্কার বিষয়ে আলোচনা সভায় তিনি এ কথা জানান। আলোচনার পর দলের কেন্দ্রীয় নেতা শওকত হোসেন ব্যাপারীর মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল ও মোনাজাত হয়। সভায় ১৫ দফা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এলডিপি নেতা অধ্যক্ষ আব্দুর রশীদ খান এসব প্রস্তাব উপস্থাপন করেন। এতে বলা হয়, পরপর তিন বছর কেউ দলের এক পদে থাকতে পারবেন না। দলের কেউ প্রধানমন্ত্রী কিংবা স্পিকার নির্বাচিত হলে তাকে দলীয় পদ ছেড়ে দিতে হবে। গ্রাম থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে নেতা নির্বাচিত হবে দলের সদস্যদের ভোটে। এছাড়া নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ইউনিয়ান কমিটি অন্তত একবছর আগে দু'জন প্রার্থীর নাম কেন্দ্রীয় কমিটিকে পাঠাবে। স্থানীয় নেতাকর্মীদের সুপারিশ বিবেচনায় রেখে কেন্দ্রীয় কমিটি মনোনয়ন চূড়ান্ত করবে। একই ব্যাক্তি পরপর দুইবার নির্বাচনে অংশ নিয়ে জিততে না পারলে পরবর্তী নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হবে না। এসব প্রস্তাবের বিষয়ে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, "এ আলোচনার মাধ্যমে এলডিপির সংস্কার প্রক্রিয়া শুরু হল। আগামী ১৫ দিনের মধ্যে আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে জাতির সামনে উপস্থাপন করব।" দলের সংস্কার ছাড়াও সরকার ব্যবস্থার সংস্কারের বিষয়েও কিছু প্রস্তাব রাখেন এলডিপি সভাপতি। তিনি বলেন, "কেউ মন্ত্রী বা প্রধানমন্ত্রী হলে তাকে দলীয় পদ ছেড়ে দেওয়ার বিধান করতে হবে। মন্ত্রিসভার সদস্য কারা হবেন তা নির্ধারণ করবে সংসদীয় কমিটি। মন্ত্রিসভার ২০ থেকে ২৫ ভাগ সদস্য থাকবেন বিশেষজ্ঞ শ্রেণীর লোক।" এছাড়া জাতীয় সংসদের আসন সংখ্যা তিনশ থেকে বাড়িয়ে চারশ করার প্রস্তাব দেন তিনি। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. এম এ মান্নান, জয়নাল আবেদীন, আরসাদুজ্জামান, ও মাহী বি চৌধুরী এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/জেকে/এমএইচবি/২১৪৯ ঘ.