২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের স্ত্রী ও শাশুড়িকে টাস্কফোর্সের জিজ্ঞাসাবাদ

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানুকে রোববার টাস্কফোর্সের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন। জাতীয় গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (টাস্কফোর্স) সদস্যরা রোববার বিকেল চারটায় ধানমণ্ডিতে তারেক রহমানের শ্বশুরবাড়ি 'মাহবুব ভবনে' যান। সেখানে জোবাইদা রহমান ও তার মাকে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তারা। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. জহিরুল হুদা ও মেজর রেদোয়ান আহম্মেদ খানসহ টাস্কফোর্সের চার সদস্য জিজ্ঞাসাবাদে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানুকে রোববার টাস্কফোর্সের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন। জাতীয় গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (টাস্কফোর্স) সদস্যরা রোববার বিকেল চারটায় ধানমণ্ডিতে তারেক রহমানের শ্বশুরবাড়ি 'মাহবুব ভবনে' যান। সেখানে জোবাইদা রহমান ও তার মাকে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তারা। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. জহিরুল হুদা ও মেজর রেদোয়ান আহম্মেদ খানসহ টাস্কফোর্সের চার সদস্য জিজ্ঞাসাবাদে অংশ নেন। জিজ্ঞাসাবাদ শেষে চলে যাওয়ার সময় জহিরুল হুদা সাংবাদিকদের বলেন, "আমরা তারেক রহমানের স্ত্রী ও শাশুড়ি দুজনের সঙ্গেই কথা বলেছি। তারেক কমিশনে সম্পত্তির যে হিসাব জমা দিয়েছেন তার সত্যতা যাচাই ও অনুসন্ধানের জন্যই আমরা এখানে এসেছি।" কারাগারে তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এ ব্যাপারে আমরা ইতোমধ্যে আদালতের অনুমতি পেয়েছি। যে কোনো সময় কারাগারে গিয়ে তারেক রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হবে।" পরে তারেক রহমান, জোবাইদা রহমান ও সৈয়দা ইকবাল মান্দ বানুর আইনজীবী অ্যাডভোকেট আহম্মেদ আজম খান সাংবাদিকদের বলেন, "তারেক কমিশনে সম্পদের যে হিসাব দিয়েছেন সেখানে তার স্ত্রীর সম্পত্তিরও উল্লেখ আছে। ওনারা (টাস্কফোর্সের সদস্যরা) মূলত জোবাইদা রহমানের সম্পদের বিষয়ে কথাবার্তা বলেছেন।" আহম্মেদ আজম খান বলেন, "টাস্কফোর্সের সদস্যরা যা যা জানতে চেয়েছেন, তা আমরা জানিয়েছি। আমরা তাদের সার্বিকভাবে সহায়তা করার চেষ্টা করেছি।" বাড়ি থেকে কোনো নথিপত্র জব্দ করা হয়েছে কিনা জানতে চাইলে আজম খান সরাসরি উত্তর না দিয়ে বলেন "তেমন কোনো নথিপত্র নেয়নি। তবে তারা কোনো নথি চাইলে আমরা তা দেব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/১৯১০ ঘ.