ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফার ডটকম)- দলের সংস্কারের বিষয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সঙ্গে একমত বিএনপির সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন ও যুগ্মমহাসচিব আশরাফ হোসেন।
রোববার দুুপরে গুলশানে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করার পর হাফিজউদ্দিন ও আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, ''চেয়ারপারসনের বক্তব্যের সঙ্গে আমরাও একমত। দলের কাউন্সিলেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত হবে। মহাসচিব যে সংস্কার প্রস্তাব ঘোষণা করেছেন, তা খসড়া।''
শনিবার সন্ধ্যায় খালেদা জিয়া দলের অসুস্থ কোষাধ্যক্ষ শাহে আলমকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, কাউন্সিলররা যেভাবে চাইবে, সেভাবেই দলের সংস্কার হবে। দল করতে হলে গঠণতন্ত্র মেনে চলতে হবে।
রোববার মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করার পর বিএনপির কাউন্সিল প্রসঙ্গে আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি এগিয়ে চলছে। জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রস্তুতি শেষ হলেই কাউন্সিল হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দলের চেয়ারপারসনের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তিনিও সংস্কার চান, আমরাও চাই, নেতাকর্মীরাও তাই চায়।
তিনি আরো বলেন, "১৪ বছর ধরে বিএনপির কাউন্সিল হচ্ছে না। তাই দলে নেতাকর্মীদের ভাবনার প্রতিফলন হচ্ছিল না।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের সংস্কার প্রস্তাব ঘোষণার বিষয়টিকেও স্বাগত জানান বিএনপির এই দুই নেতা। তারা বলেন, সব দলের নেতা-কর্র্মীরাই সংস্কারের পক্ষে।
আব্দুর রাজ্জাক শনিবার আওয়ামী লীগের সংস্কারের জন্য তার ব্যক্তিগত সংস্কার প্রস্তাব সাংআদিকদের সামনে তুলে ধরেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/জিএনএ/১৮০৮ ঘ.
bdnews24