২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের বিরুদ্ধে দুর্নীতি মামলায় অভিযোগ গঠন

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২৬ জুন সাক্ষ্য নেওয়ার দিন ধার্য হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 03:07 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২৬ জুন সাক্ষ্য নেওয়ার দিন ধার্য হয়েছে। (আরও তথ্যসহ) মঙ্গলবার দুপুর তিনটার দিকে বিশেষ জজ আদালত --৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন অভিযোগ গঠন করার পর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর আগে আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, "রাজনৈতিক হয়রানির উদ্দেশে বিগত বিএনপি সরকার এই মামলাটি দায়ের করেছিল। এ ছাড়া সরকারি অর্থের অপচয় এবং দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তাও ভিত্তিহীন। কেননা ওই ডিজিটাল টেলিফোন লাইন আজও বাস্তবায়ন হয়নি।" আসামির আইনজীবীরা আদালতের কাছে মোহাম্মদ নাসিমকে মামলার অভিযোগ থেকে মুক্তি দেওয়ার আবেদন জানান। এর বিরোধীতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, "সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।" আদালত অভিযোগ গ্রহণ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তা আসামির কাছে গিয়ে পড়ে শোনানোর জন্য বলেন। এরপর আসামির কাঠগড়ায় দাঁড়ানো মোহাম্মদ নাসিমকে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা করেন। গত ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চারবার এ মামলার অভিযোগ গঠনের দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। ২০০২ সালের ৮ জানুয়ারি তখনকার দুর্নীতি দমন ব্যুরো মোহাম্মদ নাসিম ও এএইচএস রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী থাকার সময় নাসিম ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে দরপত্র ছাড়াই তিন লাখ টেলিফোন লাইন স্থাপনের কাজ দেন। একই সঙ্গে কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানকে ওই কাজের জন্য পরামর্শক নিয়োগ করেন। মামলার অপর আসামি এএইচএস রহমান বর্তমানে কানাডায় অবস্থান করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসি/এমএইচবি/২০৪০ ঘ.