ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির আসামি একেএম মহিউদ্দিন আপিল করতে পারবেন বলে আইন উপদেষ্টার করা মন্তব্যের কড়া প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন উপদেষ্টা মইনুল হোসেন খুনিদের পক্ষে 'ওকালতি' করতে পারেন না।
সোমবার রাতে সুধাসদনে দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে আইন উপদেষ্টার মন্তব্যের সমালোচনার পর তিনি বলেন, "বঙ্গবন্ধুর অন্য খুনিদের যেনো দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়, তা শেখ হাসিনাসহ আপামর জনগণের দাবি।"
তিনি মহিউদ্দিনকে দেশে ফেরত পাঠানোর জন্য প্রবাসি বাংলাদেশি, মার্কিন জনগণ ও সে দেশের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানান।
সোমবার রাতে শেখ হাসিনার সঙ্গে আরও সাক্ষাৎ করেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিআর/এমএইচবি/২৩২২ ঘ.
bdnews24